সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়েই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল পাকিস্তান। ১৯ মার্চ আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চে ডুব দেওয়ার অপেক্ষাতেই ছিলেন ক্রিকেট অনুরাগীরা। হঠাৎই দৃশ্যপটে এলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। ভারত-পাকিস্তানের মতো ম্যাচ নিজের প্রদেশে পেয়ে কোথায় উল্লসিত হবেন, তা না উল্টো সতর্ক করে দিলেন, ধর্মশালায় পাকিস্তান দলের নিরাপত্তার দায়িত্ব তাঁর প্রাদেশিক সরকার নিতে পারবে না।
এ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের ক্রিকেট অঙ্গন। পাকিস্তানের সংবাদমাধ্যমে শুরু হয়ে গেছে ভারতের সমালোচনা। দ্য নেশন পত্রিকা তো বলেই দিয়েছে, ‘বিশ্বকাপ শুরুর আগেই ক্রিকেটের সীমানা পেরিয়ে রাজনীতিকে টেনে এনেছে ভারত। এর ফল ভয়ংকর হতে পারে।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিষ্কার করে এখনো কিছু বলেনি। তবে চেয়ারম্যান শাহরিয়ার খান ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপে না খেলার বিষয়টাও বিবেচনায় রাখছেন তাঁরা।
এদিকে নিরাপত্তা নিয়ে একেবারেই নির্ভার ভারতীয় ক্রিকেট বোর্ড। নিরাপত্তাবিষয়ক সব সংশয়কে উড়িয়ে দিয়েছে তারা। বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, ‘পাকিস্তানকে সর্বোচ্চ নিরাপত্তাই দেবে বিসিসিআই। নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না। তারা খেলতে আসবে কি না সেই সিদ্ধান্ত পিসিবির। আইসিসির কাছে তারা দায়বদ্ধ। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে পিসিবিকেই, কিন্তু আমরা খেলোয়াড়দের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি।’
নিজেদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিসিসিআই এতটাই নিশ্চিত যে, ভারত-পাকিস্তান ম্যাচটি অন্য কোথাও আয়োজনের প্রয়োজনও দেখছে না তারা। শুক্লা ও বোর্ডসচিব অনুরাগ ঠাকুর দুজনই হিমাচলে খেলা নিশ্চিত করার জন্য আলাদাভাবে কথা বলেছেন বীরভদ্রের সঙ্গে, ‘আমি হিমাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
কদিন আগে জঙ্গি হামলায় হিমাচলের দুজন ভারতীয় সেনা মারা গেছেন। পাকিস্তানের ম্যাচ নিয়ে বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে ওই ঘটনা। এ ছাড়া পার্শ্ববর্তী কাংরা ভ্যালিতে অনেক সেনাসদস্য থাকেন, যাঁরা অনেকে কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁদের অনেকেই ভারত-পাকিস্তানের মধ্যে কোনোরকম সম্পর্ক দেখতে চান না, হোক সেটা ক্রীড়াঙ্গনেও। ধর্মশালা স্টেডিয়ামের পার্শ্ববর্তী ‘শহীদ স্মারকে’ এসে শহীদ পরিবার ও সাবেক যোদ্ধারা ম্যাচটি হতে না দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। প্রদেশটির ক্ষমতাসীন দল কংগ্রেসের শঙ্কা এ নিয়েই।
শুক্লা বিষয়টি ভালো করেই জানেন, ‘তাঁদের আবেগের সমব্যথী আমরা। কিন্তু আমরা তো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না, এটা বৈশ্বিক প্রতিযোগিতা। আর ভেন্যু বদলানোর জন্য যে পরিমাণ ঝক্কি পোহাতে হবে, তাতে ব্যাপারটি একেবারেই অসম্ভব।’
বল এখন পাকিস্তানের কোর্টে। সূত্র: পিটিআই।