পাকিস্তানের কোচ হচ্ছেন স্টুয়ার্ট ল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন স্টুয়ার্ট ল? ছবি: এএফপি।
পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন স্টুয়ার্ট ল? ছবি: এএফপি।

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন কে, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি ইতিমধ্যেই নতুন কোচের নাম চূড়ান্ত করে ফেলেছে। বাংলাদেশ ক্রিকেট দলকে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে তোলা স্টুয়ার্ট ল-ই নাকি হতে যাচ্ছেন পাকিস্তানের নতুন কোচ।

এখনো ল-র নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। আপাতত তাঁকে নিজেদের প্রথম পছন্দ হিসেবেই রেখেছে পিসিবি। কোনো কারণে শেষ মুহূর্তে এই অস্ট্রেলীয় কোচ যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে দ্বিতীয় পছন্দ হিসেবে থাকছেন ইংলেন্ডের অ্যান্ডি মোলস।

২০১১ সালের শেষ দিকে স্টুয়ার্ট ল বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। স্বল্পকালীন সময়েই তিনি বাংলাদেশ দলকে সাফল্য উপহার দিয়েছিলেন। ভারত ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ২০১২ সালের মার্চে বাংলাদেশ প্রথমবারের মতো পৌঁছে গিয়েছিল এশিয়া কাপের ফাইনালে। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্ভাগ্যক্রমে ২ রানে হেরে না গেলে স্টুয়ার্ট ল আরও বড় সাফল্যেরই অংশীদার হতেন। এই তো কিছুদিন আগেই তিনি কাজ করে গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। তাঁর অধীনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় হয়েছে বাংলাদেশ।

আগামী জুলাই-আগস্টের শ্রীলঙ্কা সফরে ল’র অস্ট্রেলীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার কথা। এর ফাঁকেই পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদে আবেদন করে রেখেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটি টেস্ট খেলার অভিজ্ঞতা তাঁর। আছে ৫৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও। ১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি বেশ কিছুদিন শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কোচিং ক্যারিয়ারটা এরই মধ্যে যথেষ্টই সমৃদ্ধ করে ফেলেছেন ল। অস্ট্রেলীয় ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে তিনি কুইন্সল্যান্ডের হয়ে সাফল্য পেয়েছেন। ইংলিশ কাউন্টিতেও তাঁর কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে এসেক্স ও ল্যাংকাশায়ারের হয়ে।

বিদেশি কোচ হিসেবে পিসিবির প্রথম পছন্দ হলেও তিনি আদৌ পাকিস্তান দলের দায়িত্ব নেবেন কি না, সেটা জানা যাবে দুই-এক দিনের মধ্যেই। কয়েকটি ব্যাপারে দুই পক্ষ একমত হলেই তাঁর নিয়োগ চূড়ান্ত হবে।
রিচার্ড পাইবাস, বব উলমার, জিওফ লসন ও ডেভ হোয়াটমোরের পর স্টুয়ার্ট ল হবেন পাকিস্তানের পঞ্চম বিদেশি কোচ। সূত্র: দ্য হিন্দু।