পাকিস্তানের কোচের চাকরি হারাচ্ছেন মিসবাহ?

মিসবাহ-উল-হকের কোচিং নিয়ে প্রশ্ন উঠছেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন এহসান মানি। নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক অধিনায়ক রমিজ রাজাকে মনোনীত করেছেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক ও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ১৩ সেপ্টেম্বর পিসিবির নির্বাচনের পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা রমিজের।

নতুন চেয়ারম্যানের অধীনে জাতীয় দলের বর্তমান হেড কোচ মিসবাহ-উল-হকের ভবিষ্যত কী হবে—প্রশ্ন উঠে গেছে সেটা নিয়ে। পাকিস্তান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ দিতে চান রমিজ।

মানির আমলেই অবশ্য মিসবাহকে সরিয়ে দেওয়ার কথা উঠেছিল। এ ব্যাপারে প্রস্তাবও দেওয়া হয়েছিল অ্যান্ডি ফ্লাওয়ারকে। তবে শেষ পর্যন্ত দায়িত্ব নিতে রাজি হননি ফ্লাওয়ার, জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।

এমনিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোতেই ব্যস্ত থাকেন ইংল্যান্ডের সাবেক কোচ ফ্লাওয়ার। পিএসএলে মুলতান, সিপিএলে সেন্ট লুসিয়া, টি-টেনে দিল্লি, দ্য হানড্রেডে ট্রেন্ট রকেটসের কোচ ফ্লাওয়ার। একই সঙ্গে আইপিএলের দল পাঞ্জাব কিংসেরও সহকারী কোচ তিনি। মূলত ব্যস্ত সূচির কারণেই কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব নিতে চান না বলে পিসিবির প্রস্তাব নাকচ করেছেন ফ্লাওয়ার।

ফ্লাওয়ার রাজি না হলেও মিসবাহর ভবিষ্যত নিয়ে শঙ্কা কাটছে না। তবে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচের পদে বদল আনার সম্ভাবনা কম পিসিবির। এমন একটা টুর্নামেন্টের আগে প্রধান কোচ মানিয়ে নেওয়ার সময় পাবেন না বলেই আপাতত টিকে যাচ্ছেন মিসবাহ, জানা গেছে এমন।

২০১৯ সালে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের পদে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক অধিনায়ক মিসবাহকে। তাঁর নিয়োগের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

রমিজ রাজা পিসিবি চেয়ারম্যান হলে মিসবাহর চাকরি নিয়ে টানাটানি হতে পারে
ফাইল ছবি: রয়টার্স

তবে মিসবাহর অধীনে পাকিস্তানের রেকর্ড খুব একটা সুবিধার নয় এখনো। তাঁর অধীনে ৩৪টি টি-টোয়েন্টির ১৬টি জিতেছে পাকিস্তান, হেরেছে ১৩টিতে। এ সংস্করণে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও খুইয়েছে পাকিস্তান। দলটি এখন আছে চার নম্বরে।

টেস্টে ১৬ ম্যাচের ৭টি জিতেছে পাকিস্তান, হেরেছে ৬টিতে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে পাঁচ নম্বরে। ওয়ানডেতে মিসবাহর দায়িত্ব পালনকালে পাকিস্তান খেলেছে ১১ ম্যাচ, জিতেছে ছয়টি। সর্বশেষ ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ধবলধোলাই হয়েছিল তারা।

সামনে যিনি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই রমিজ সাম্প্রতিক সময়েও প্রকাশ্যেই সমালোচনা করেছেন পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে। আবার ইমরানের কাছেও ঠিক সুবিধার নয় মিসবাহর ‘ভাবমূর্তি’।

ইমরান খানও মিসবাহকে নিয়ে খুব একটা খুশি নন বলে গুঞ্জন
ছবি: সংগৃহীত

মানির আমলে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে এসেছে বড় পরিবর্তন। প্রথম শ্রেণির ক্রিকেটে কমানো হয়েছে দলসংখ্যা, এখন করা হয়েছে আঞ্চলিক কাঠামো। এ পদ্ধতির অন্যতম সমর্থক ছিলেন ইমরান। তবে অনেক ক্রিকেটার কার্যত ‘বেকার’ হয়ে পড়বেন বলে এ কাঠামোর বিরোধিতা করেছিলেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার। আজহার আলী ও মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে এরপর ইমরানের সঙ্গে দেখাও করে এসেছিলেন মিসবাহ। তবে গত বছর এ সাক্ষাতের পরপরই প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মিসবাহ।

আপাতত মিসবাহ আছেন জ্যামাইকায়। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার আগে দুই দফা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে তাঁর। মিসবাহকে রেখেই দেশে ফিরেছে পাকিস্তান।

এ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান, চারটি ম্যাচই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। প্রথম টেস্টে ১ উইকেটে হারার পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছে বাবর আজমের দল।