পাকিস্তানের কৌশল কি অস্ট্রেলিয়াকে বিরক্ত করে আউট করা

দ্বিতীয় দিনে পাকিস্তানের সাফল্য দুটি উইকেটছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের উইকেট নিয়ে সমালোচনা হয়েছে। উইকেটে বোলারদের জন্য কিছু না থাকায় ভেন্যুর কপালে একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সমালোচনার জবাবে বলেছিলেন, অস্ট্রেলীয় পেসারদের থেকে পাকিস্তানের অপেক্ষাকৃত দুর্বল ব্যাটিং লাইনআপকে রক্ষাকবচ দিতেই এমন উইকেট। কিন্তু করাচিতে দ্বিতীয় টেস্টে এসে দেখা গেল, পাকিস্তানের সেই ভয় কাটেনি। করাচি জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনে আরও নির্বিষ উইকেটের দেখা মিলেছে।


করাচির প্রাণহীন উইকেটের সঙ্গে কাল টেস্টের প্রথম দিন যুক্ত হয়েছিল পাকিস্তানি বোলারদের ‘নেতিবাচক’ বোলিং। আক্রমণাত্মক বোলিং দেখার যে আশা করাচির দর্শকেরা করেছিলেন, তাতে পানি ঢেলে দিয়েছেন পাকিস্তানি বোলাররাই। গোটা দিনই পাকিস্তানি বোলাররা যে বোলিং করে গেলেন, তাতে রান ঠেকানো যায়, কিন্তু প্রতিপক্ষের উইকেট নেওয়া সম্ভব নয়।

১৬০ করে আজ আউট হয়েছেন খাজা
ছবি : এএফপি

উসমান খাজা কালই শতক তুলে নিয়েছিলেন। তিনি আজ দ্বিতীয় দিনে আউট হয়েছেন ১৬০ রানে। স্টিভ স্মিথ রাওয়ালপিন্ডির মতো করাচিতেও শতক মিস করেছেন। হাসান আলির বলে ফাহিম আশরাফের ক্যাচে ফেরার সময় তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছিল, করাচির উইকেটে শতক মিস করাটা মেনেই নিতে পারছেন না তিনি।


টেস্টের দ্বিতীয় দিনও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি। হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফদের বোলিং বড় কোনো সমস্যা ছাড়াই খেলছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে পাকিস্তানের সাফল্য দুটি উইকেট—নাথান লায়ন ও ট্রাভিস হেডের উইকেট। প্রথম দিনের শেষের দিকে লায়ন নেমেছিলেন ‘নাইটওয়াচম্যান’ হিসেবে, সেই লায়নও ৬২ বলে ৩৮ রান করে তবে থেমেছেন। তাঁকে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন ফাহিম আশরাফ।

করাচিতে বিরক্তিকর ক্রিকেট আর পাকিস্তানি বোলারদের নেতিবাচক বোলিং দেখে সাবেক অস্ট্রেলীয় বোলার মাইকেল কাসপ্রোভিচ কিছুটা রসিকতা করেই বলেছেন, ‘পাকিস্তানি বোলাররা খুব সম্ভবত এমন একটা কৌশল গ্রহণ করেছে, যাতে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা বিরক্তিতেই আউট হয়ে যায়।’


কেবল কাসপ্রোভিচই নন, সমালোচনার তির ছুড়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিস, ‘এ মুহূর্তে আমি পাকিস্তান দলের যে কৌশল দেখছি, তাতে মনে হয়, তারা প্রথম দিনই খেলাটা ড্র করে ফেলতে চাচ্ছে।’ ওয়াকার কথাটা বলেছিলেন শনিবার টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরপরই।

অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের ধারাভাষ্যকার ম্যাথু থম্পসন পাকিস্তানি বোলারদের ক্রমাগত লেগ স্টাম্পের বাইরে বোলিং করে যাওয়া নিয়ে ক্ষুব্ধ। তিনি টুইটারে লিখেছেন, ‘ব্যাটসম্যান লেগ স্টাম্পের বাইরে পা নিয়ে দাঁড়িয়েছে। উইকেটকিপার লেগ স্টাম্পের বাইরে অবস্থান নিয়েছে। এসব কী! এগুলো নিষিদ্ধ করা উচিত। এসব আর কিছুই নয়, ক্রিকেটের প্রতি আঘাত।’


আরেক ফ্রিল্যান্স সাংবাদিক জেমস মটারশিড তো বলেই দিয়েছেন, ‘পাকিস্তান যদি এভাবে চালিয়ে যায়, তাহলে দেশটিতে ক্রিকেট ফেরা উচিত নয়।’

উসমান খাজা কালই শতক তুলে নিয়েছিলেন
ছবি : এএফপি

এ সিরিজে টেলিভিশন ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাইক হেইসম্যানের মতে এ ধরনের পরিস্থিতিতে আম্পায়ারদের হস্তক্ষেপ করা উচিত, ‘আমি নিশ্চিত নই, এ ধরনের নেতিবাচক পরিস্থিতিতে আম্পায়াররা হস্তক্ষেপের কথা ভেবেছেন কি না। তাঁদের চোখে কোনো কিছু যদি অতিরিক্ত নেতিবাচক ঠেকে, তাহলে তাঁরা সেটিতে হস্তক্ষেপ করতে পারেন।’


কাল বোলিংয়ে নেমে স্লিপ দিয়েই শুরু করেছিল পাকিস্তান। কিন্তু কিছুক্ষণ বাদেই অধিনায়ক বাবর আজম স্লিপ ফিল্ডারদের সরিয়ে নেন। কারণ, বল সেখানে উঠছিল না। গতিও ছিল খুব ধীর।


দ্বিতীয় সেশনে খাজা আর স্মিথের তৃতীয় উইকেট জুটির সময় পরিষ্কার হয়ে যায় সবকিছু। সে সময় অস্ট্রেলিয়ার স্কোর দেখাচ্ছিল ২/৯১। পাকিস্তানি স্পিনাররা সে সময়ই লেগ স্টাম্পের ওপর বল ফেলা শুরু করেন। দুই ব্যাটসম্যানও আরামে এদিক–ওদিক ঠেলে রান তুলে নিচ্ছিলেন কোনো চাপ ছাড়াই।