পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট র‍্যাঙ্কিং নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একটা ‘মিউজিক্যাল চেয়ার’ই যেন চলছে। ওয়েস্ট ইন্ডিজে যে গদাটা ভারত হাতে নিতে পারত, ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে সেটি নিয়ে নিল পাকিস্তান। নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে প্রথম দুই টেস্টে হারিয়ে সেটি আবার ছিনিয়ে নিল ভারত। কিন্তু র‍্যাঙ্কিং নিয়ে যতই টক্কর থাকুক, সৌরভ গাঙ্গুলী বলছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো তুলনাই হয় না!

একটু অবাক করার মতোই কথা। এই মুহূর্তে টেস্টে এক ও দুই নম্বর দল ভারত ও পাকিস্তান। কিন্তু সৌরভের চোখে ভারত অনেক এগিয়ে, ‘আমার মনে হয় না পাকিস্তান ভারতের সঙ্গে একই পাল্লায় মাপার মতো দল। টেস্টে ভারত পাকিস্তানের চেয়ে অনেক ভালো। দুই দলের মধ্যেও তাই কোনো তুলনা হয় না। আমি তো ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার পর অবাক হয়েছিলাম। সে জন্যই আমি এই শ্রেষ্ঠত্ব খুব একটা বড় করে দেখছি না। তবে এটা ঠিক ভারতের জন্য এটা অনেক স্বস্তির অর্জন। আমাদের মতো অনেক দিন ধরেই যারা ক্রিকেট খেলেছে, তাদের জন্য তো বটেই।’

গাঙ্গুলী এও বলেছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের মণিহার ভারতেরও সাজে না, ‘আমি আসলে এই এক নম্বর ব্যাপারটা নিয়ে ঠিক একমত নই। ভারত কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডে গিয়ে জেতেনি। পাকিস্তানও ঠিক এক নম্বরের যোগ্য নয়। আমাদের সময় অস্ট্রেলিয়া এক নম্বর দল ছিল, কারণ তারা সবখানেই জিতে এসেছিল।’

কোহলিদের প্রশংসা করে আবার সতর্কও করছেন সৌরভ, ‘এরই মধ্যে কোহলি অনেক ম্যাচ জিতে গেছে। নিজেকে সে অনেক ওপরে নিয়ে গেছে, ভারতের ক্রিকেটকেও। ভারতে সামনে সে আরও ১১টি টেস্ট খেলবে, সাবেকদের আরও কাছাকাছি চলে যাবে। তবে ওর আসল পরীক্ষা হবে দেশের বাইরেই।’

খুব শিগগির অবশ্য দেশের বাইরে ভারতের সিরিজ নেই। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড খেলতে যাবে ভারতে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।