পাকিস্তানের জয় দেখে গ্যালারিতে কাঁদলেন বাবর আজমের বাবা

কাল বিশ্বকাপে প্রথম অর্ধ-শতক পেয়েছেন বাবরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত কিংবদন্তিকেই তো অধিনায়ক হিসেবে পেয়েছে পাকিস্তান। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম-উল-হক পাকিস্তানের ভার বয়েছেন। ইমরান খান তো বিশ্বকাপই জিতিয়েছেন। ইউনিস খানও পাকিস্তানকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ। কিন্তু একটা কাজ কেউই করতে পারেননি। বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পাননি তাঁদের কেউ।

২৪ অক্টোবর দিনটা পাকিস্তান ক্রিকেটে অনন্য হয়ে থাকবে। কালই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ভারতকে হারাল পাকিস্তান। আর তাতেই ইমরান খান, ওয়াসিম আকরামদের টপকে গেলেন বাবর আজম। বিশ্বকাপে ভারতকে হারানো প্রথম পাকিস্তানি অধিনায়ক এখন এ ২৭ বছর বয়সী। গ্যালারিতে বসে ঐতিহাসিক এ মুহূর্ত দেখে আবেগে কেঁদে ফেলেন বাবর আজমের বাবা।

বাবার সঙ্গে বাবর
ছবি: ইনস্টাগ্রাম

ভারতকে প্রথমবারের মতো হারানো অধিনায়ক, শুধু এটুকুই যথেষ্ট ছিল ইতিহাসে আজমের জায়গা করে দেওয়ার জন্য। তবে ব্যাট হাতে অপরাজিত ৬৯ রান করে ক্রিকেটীয় দিক থেকেও নিজের কাজটা সেরে নিয়েছেন। ভারতকে হারানোর ওই মুহূর্তে মাঠেই ছিলেন বাবর। জয় এনে দেওয়া শটটাও ছিল পাকিস্তান অধিনায়কের। গ্যালারিতে বসে সেটাই দেখছিলেন আজম সিদ্দিকী।

পাকিস্তানের জয়ের মুহূর্তে আশপাশে থাকা সমর্থকেরা যখন এসে আজম সিদ্দিকীকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বহু চেষ্টা করেও কান্না থামাতে পারেননি। আর তাঁর এ কান্না সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

বাবর ও আজম সিদ্দিকী
ছবি: ইনস্টাগ্রাম

বাবরের ক্যারিয়ারজুড়ে তাঁর বাবা অবদান রেখেছেন। তাই সুযোগ পেলেই, বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর। একবার বাবা দিবসে ইনস্টাগ্রামে লেখেন, ‘এখন আমি যেখানে আছি, এর পেছনে সব অবদান এই ব্যক্তির। আমাকে উন্নত জীবন দেওয়ার জন্য যে নিবেদন দেখিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, আমার স্বপ্নপূরণের পথ দেখিয়েছেন এবং পূরণ করতে দিয়েছেন, সে কথা কখনো ভুলব না। আব্বু, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’

এর আগেও বাবার কঠোর পরিশ্রমের কথা জানান বাবর, ‘আব্বু, আপনি আমাকে খেলায় নিয়ে গেছেন। তীব্র রোদে দাঁড়িয়ে আমার খেলা দেখেছেন এবং আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছেন। আপনার ছোট ঘড়ি মেরামতের দোকান দিয়ে শুধু পরিবার সামলাননি। আমাদের মধ্যে মূল্যবোধ ও স্বপ্নের বীজ বুনে দিয়েছেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ!’

আর ছেলের ওপর কতটা আস্থা ছিল আজম সিদ্দিকীর সেটা জানা গেল এক পাকিস্তানি সাংবাদিকের সুবাদে। কাল তাঁর কান্নার সে ভিডিও শেয়ার দিয়ে মাজহার আরশাদ নামের এ পরিসংখ্যাননির্ভর এই সাংবাদিক জানিয়েছেন, ‘উনি বাবর আজমের বাবা। তাঁর জন্য আনন্দিত। ২০১২ সালে আদনান আকমলের বউভাতে প্রথম তাঁর সঙ্গে দেখা হয়েছিল। পাকিস্তান দলে অভিষেক হতে বাবরের তখনো তিন বছর বাকি। আমার এখনো পরিষ্কার মনে আছে, তখন বাবরের বাবা কী বলেছিলেন, “শুধু অভিষেক হতে দাও। সামনে বাবরই রাজত্ব দেখাবে।”’