পাকিস্তানের জয়রথ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম সেঞ্চুরি পেয়েছেন বাবর আজম। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
প্রথম সেঞ্চুরি পেয়েছেন বাবর আজম। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

তিনটি টি-টোয়েন্টিতেই পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের বৃত্ত থেকে বেরোতে পারল না ওয়ানডেতে এসেও। কাল শারজায় প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারল ১১১ রানে।

অথচ শুরুটা অন্য রকম কিছু একটার আভাসই দেখাচ্ছিল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম বলেই হারিয়ে ফেলে অধিনায়ক আজহার আলীকে। কিন্তু বাবর আজম ঠিক করে রেখেছিলেন দিনটা নিজের করে নেবেন। ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন, শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৩১ বলে ১২০ রান করে। দ্বিতীয় উইকেটে শারজিলের সঙ্গে ৮২ রানের জুটিটাই পাকিস্তানকে বড় স্কোরের ভিত্তি এনে দিয়েছে। শারজিল করেছেন ৪৩ বলে ৫৪। শেষ দিকে ইমাদ ওয়াসিমের ২৪ বলে ২৪ ও মোহাম্মদ নওয়াজের ১৯ বলে ১৯ রানে পাকিস্তান করতে পেরেছে ২৮৪।

পাকিস্তানের ইনিংসেই ফ্লাডলাইট–বিভ্রাটের কারণে ঘণ্টা খানেকের মতো খেলা বন্ধ ছিল। ডাকওয়ার্থ লুইস মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৪৯ ওভারে ২৮৭। কিন্তু শুরু থেকেই তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। জনসন চার্লস, ক্রেইগ ব্রাফেট দুই অঙ্ক ছোঁয়ার পরেই আউট হয়ে গেছেন। মারলন স্যামুয়েলসই যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনিও ৫৯ বলে ৪৬ রান করে ফিরে গেছেন। শেষ দিকে নারাইন-কার্লোস ব্রাফেটরা চেষ্টা করে হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন। পাকিস্তানের নওয়াজ ৪২ রানে পেয়েছেন ৪ উইকেট।