পাকিস্তানের জয়ের রাস্তা তো আফ্রিদিরই তৈরি করা

ম্যাচের আগেই জানিয়েছিলেন নিজের পরিকল্পনা। সেটির কী অসাধারণ বাস্তবায়ন করে দেখালেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তাঁর গতির আগুনেই তো পুড়ল ভারত।

পাকিস্তানের জয়ের রাস্তা আফ্রিদিই করে দিয়েছেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগেই জানিয়েছিলেন নিজের পরিকল্পনা। সেটির কী অসাধারণ বাস্তবায়ন করে দেখালেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তাঁর গতির আগুনেই তো পুড়ল ভারত। প্রথমে রোহিত শর্মা, এরপর লোকেশ রাহুল, সব শেষে অধিনায়ক বিরাট কোহলি। ভারতের তিন সেরা ব্যাটসম্যানকে ফিরিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়ের রাস্তাটা প্রশস্ত করেছেন এই বাঁহাতি ফাস্ট বোলারই।

১৯৯২ সালে ক্রিকেটের বৈশ্বিক আসরে প্রথম হয়েছিল ভারত-পাকিস্তান লড়াই। সিডনিতে ওয়ানডে বিশ্বকাপের সে ম্যাচে হারের পর, ওয়ানডে বিশ্বকাপে আরও ৬ বার হারে পাকিস্তান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর হারের সংখ্যাটা কেবল বেড়েছে। কোনো বিশ্বকাপেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আজ দুবাইয়ে সেই ইতিহাসটা বদলে দিল পাকিস্তান। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ইনিংসে জয় নিশ্চিত হলেও মূল কারিগর তো শাহিন আফ্রিদিই।

ভারতের সেরা তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি
ছবি: রয়টার্স

বল হাতে মাঠে নেমেই ভারতকে দ্রুত বিপদে ফেলতে চেয়েছিলেন তিনি। সেটি দারুণভাবেই পেরেছেন আফ্রিদি, ‘এই প্রথম আমরা বিশ্বকাপে ভারতকে হারালাম। দারুণ গর্ব হচ্ছে। আমি জানতাম, ভারতের উইকেট দ্রুত ফেলতে হবে। আমাদের পরিকল্পনাটা কাজে এসেছে। আমি এ ম্যাচে যতটা সম্ভব বেশি বল সুইং করাতে চেয়েছি। এ মাঠে বল বেশি সুইং করানো যায় না। কিন্তু আমি উইকেট নিতে চেয়েছিলাম। নিজের শতভাগ উজাড় করেই দিয়েছি বল হাতে।’

ভারতের ব্যাটিংয়ে তিন প্রাণভোমরাই শাহিন আফ্রিদির শিকার। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়ে তারা যে ২০ ওভারে ৭ উইকেট ১৫১ রানের বেশি করতে পারল না, সেটি তো শাহিন আফ্রিদির জন্যই। বাবর, রিজওয়ানের দারুণ ব্যাটিং মাথায় রেখেও শাহিন আফ্রিদির কৃতিত্বে তাঁকে ‘ম্যাচসেরা’ মানছেন নির্বাচকেরা।