পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। সংগৃহীত ছবি
বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। সংগৃহীত ছবি

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকারের অনুমতি ছাড়া ভারতে খেলতে যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিল তারা। তবে সুখবর দিল পিসিবি, সব অনিশ্চয়তাকে পাশে রেখে ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। বিশ্বকাপ দল ঘোষণাতেও চমক—চার নতুন মুখ নিয়ে বিশ্বকা​প খেলতে যাচ্ছে পাকিস্তান।

নতুন চারজনের মধ্যে মোহাম্মদ নেওয়াজ ও রুম্মান রাইসের এখনো আন্তর্জাতিক ক্রিকেটেই খেলা হয়নি। খুররম মনজুর পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টেস্ট খেললেও নিউজিল্যান্ড সফরে দলে জায়গা হয়নি তাঁর। কিন্তু ‘এ’ দলে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের বাধ্য করেছে বিশ্বকাপ দলে রাখতে। বাবর আজম অবশ্য জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। ওই সিরিজের দুই ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে দুদিনই ফিফটি পেয়েছিলেন বাবর। এর সঙ্গে স্থানীয় ক্রিকেটের দারুণ ফর্মও বিশ্বকাপের দ্বার খুলে দিয়েছে তাঁর জন্য।

নেওয়াজ ও রাইস এর আগে পাকিস্তান ‘এ’ দলে ডাক পেয়েছিলেন স্থানীয় ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে। সেখানেও ধারাবাহিক পারফরম্যান্স তাঁদের আলাদা করে দিয়েছে অন্যদের থেকে। অলরাউন্ডার নেওয়াজ ও বাঁহাতি পেসার রাইস অবশ্য পাকিস্তান সুপার লিগেও খেলছেন দারুণ। রাইসকে নিয়ে পাকিস্তান দলে মোট চারজন বাঁহাতি পেসার। ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফানের সঙ্গে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আমিরও।

নিউজিল্যান্ড সফরের বাজে ফর্ম দল থেকে ছিটকে দিয়েছে ওপেনার আহমেদ শেহজাদকে।

পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, বাবর আজম, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, খুররম মনজুর, রুম্মান রাইস সূত্র: ক্রিকইনফো