পাকিস্তানের দরজা তাহলে খুলছেই!

জাভেদ মিয়াঁদাদ আর রমিজ রাজার মতো সাবেকেরা চান না মোহাম্মদ আমিরের মতো খেলোয়াড়েরা আবার ফিরুন পাকিস্তান দলে। ‘আমিরের মতো খেলোয়াড়’ মানে যাঁরা ফিক্সিংয়ের অভিযোগে শাস্তি পেয়েছেন তাঁরা। একই চাওয়া বর্তমান পাকিস্তান দলের খেলোয়াড় মোহাম্মদ হাফিজেরও। টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিও অনেক আগেই এ বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। তবে এত বিরুদ্ধ মত থাকার পরও আমিরের পাকিস্তান দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে হচ্ছে। আভাসটা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান নিজেই।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোচ ওয়াকার ইউনিস ও প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে শাহরিয়ার খান বলেছেন, ‘আমরা তার ব্যাপারটা মাথায় রাখছি। গত চার-পাঁচ মাসে ওর পারফরম্যান্স দারুণ এবং সে আবার দলে বিবেচিত হওয়ার জন্য দরজায় কড়া নাড়ছে।’
২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। জেলেও যেতে হয়েছিল তাঁকে। গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলায় ফিরে পাকিস্তানের ঘরোয়া দ্বিতীয় বিভাগের একটি টুর্নামেন্টে নিয়েছেন ২২ উইকেট। পরে কায়েদ-ই-আযম ট্রফির বাছাইপর্ব ও মূল পর্ব মিলিয়ে নিয়েছেন আরও ৫১ উইকেট। চলমান বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে এখনো পর্যন্ত ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন চতুর্থ স্থানে, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৭১ করে।
মূলত এই পারফরম্যান্সই আমিরকে নিয়ে আবার ভাবতে বাধ্য করেছে পিসিবিকে। তবে শাহরিয়ার খান বলেছেন, ‘আগে ওর সঙ্গে আমাদের কথা বলতে হবে, দলে ফিরতে চাইলে কী ধরনের আচরণ করা উচিত তা ওকে বোঝাতে হবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নেবেন নির্বাচকেরা।’
এ ব্যাপারে কোচ ওয়াকার ইউনিসও পিসিবিপ্রধানের সঙ্গে একমত, ‘মোহাম্মদ আমিরকে নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা একমত যে সে যেহেতু শাস্তি কাটিয়ে ফিরেছে, দলে ফেরার একটা সুযোগও তার পাওনা। সে বিপিএলে খেলার সুযোগ পেয়েছে যেটা তার জন্য খুবই ভালো হয়েছে। সে প্রমাণ করেছে যে সঠিক পথেই আছে। এখন আমাদের দায়িত্ব তাকে আরেকটি সুযোগ দেওয়া।’ এএফপি।