পাকিস্তানের দারুণ জয়

২২.৩ ওভারে ১০৬ রান তুলতেই সাজঘরে ফিরে গেলেন পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটসম্যান। প্রতিপক্ষের এমন ব্যাটিং বিপর্যয়ে নিশ্চয় চকচক করে উঠেছিল লঙ্কান বোলারদের মুখ! ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা বুঝি হয়ে গেল নিজেদেরই! তখনই, ঠিক তখনই বাদ সাধল সোয়াইব মাকসুদ ও ফাওয়াদ আলম। দুজনের জমাট, রেকর্ড জুটির কাছেই ৪ উইকেটে হেরে গেল শ্রীলঙ্কা।
ফাওয়াদ আলমের সেই পরাজয়ের ক্ষতটা কি এখনো পোড়ায়? মার্চে ঢাকায় এশিয়া কাপের ফাইনালে অপরাজিত সেঞ্চুরিটা কীভাবে মাটি করে দিয়েছিল লঙ্কানরা! কয়েক মাস পর আবার সেই শ্রীলঙ্কা। ফাইনালে হারের তুলনা অন্য ম্যাচের সঙ্গে যদিও হয় না, তবুও ফাওয়াদ আলম সেই জ্বালা জুড়ানোর যোগ্য সঙ্গী হিসেবে পেয়ে গেলেন মাকসুদকে। ব্যস, জমে গেল দুজনের ষষ্ঠ উইকেট জুটি। এ জুটিতে উঠল ১১৭ বলে ১৪৭ রান। হাম্বানটোটায় যেটি ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ। বলা যায়, এ জুটিই কেড়ে নিয়েছে লঙ্কানদের মুখের গ্রাস! মালিঙ্গার বলে ৬১ বলে ৬২ করে ফাওয়াদ যখন ফিরলেন, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে! ম্যাচ পুরোপুরিই পাকিস্তানের হাতে।
অপর প্রান্তে টিকে থাকা মাকসুদ বাকি কাজটা সারলেন শহীদ আফ্রিদিকে সঙ্গে নিয়ে। ৮৯ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।
এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়া ম্যাচ দাঁড়িয়েছিল ৪৫ ওভারে। টসে জিতে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কাকে। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৮৯ ও মাহেলা জয়াবর্ধনের ৬৩ রানে মোটামুটি চ্যালেঞ্জিং স্কোরের পথেই হাঁটে শ্রীলঙ্কা। ৪৫ ওভারে ৭ উইকেটে তোলে ২৭৫—সংগ্রহের দিক দিয়ে যথেষ্ট তৃপ্তি জাগানিয়াই। পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ বেশ ভুগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের। তাঁর ঝুলিতে গেছে ৩ উইকেট।
তৃপ্তি জাগানিয়া সেই সংগ্রহই শেষমেশ আক্ষেপ হয়ে ধরা দিল শ্রীলঙ্কানদের কাছে। একদিনের ক্রিকেটে জমাটি জুটি কত কার্যকর হিসেবেই না প্রমাণিত হয়। দিন শেষে সোয়াইব মাকসুদ ও ফাওয়াদ আলম ঠিক সেটিই করে দেখালেন।