পাকিস্তানের দারুণ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা টেস্ট থেকে পাকিস্তান বোধ হয় এর চেয়ে বেশি কিছু পেতে পারত না। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো তিন শর বেশি রান তাড়া করে জেতা, চতুর্থ ইনিংসে নিজেদের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়, ২০০৬ সালের পর শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়, টেস্ট র্যাঙ্কিংয়ে ছয় থেকে তিনে উঠে আসা—পাল্লেকেলে টেস্ট মিসবাহরা অনেক দিনই মনে রাখবেন!
মাত্র দুদিন আগেও যে টেস্টে হারটাকেই মনে হচ্ছিল সম্ভাব্য ফল, সেটিতেই গত পরশু চতুর্থ দিন শেষে পাকিস্তানের দিগন্তে জয়ের স্বপ্ন। তারপরও শেষ দিনের উইকেট, চাই আরও ১৪৭ রান—পাকিস্তানের হাতে ৮ উইকেট থাকার পরও শ্রীলঙ্কার আশা বেঁচে ছিল ভালোমতোই। সকালে ২৫ রান যোগ হতেই সেঞ্চুরিয়ান শান মাসুদ যখন থারিন্ডু কৌশলের বলে স্টাম্পড হয়ে গেলেন, আশার পালে খানিকটা হাওয়াও লাগল। সেটিকে চুপসে দিলেন ইউনিস খান ও মিসবাহ-উল-হক। দুজনের ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটি সমাপ্তিটাকে বানিয়ে দিল একেবারেই নিস্তরঙ্গ।
মিসবাহ স্বাভাবিকভাবেই ভেসে গেলেন উচ্ছ্বাসে, ‘আমাদের জন্য বিশাল একটা জয়। এখানে আগের তিন সিরিজে আমরা ভালো করতে পারিনি। এটা আমাদের জন্য অনেক কিছু।’ পাকিস্তানের সাবেকরাও উচ্ছ্বসিত। সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক যেমন বললেন, ‘আমরা রান তাড়ায় দুর্বল, এমন একটা কথা চালু আছে। এদিক দিয়ে জয়টা ঐতিহাসিক। ছেলেদের মধ্যে ৩৫০ থেকে ৪০০ রান পর্যন্ত তাড়া করতে পারার বিশ্বাসটা এখন আসবে।’ এএফপি।