পাকিস্তানের দুর্দশার জন্য দায়ী ওয়াকার, দাবি ইউনিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ খেলোয়াড় দ্বন্দ্ব এবার প্রকাশ্যেই চলে এল। সংগৃহীত ছবি
কোচ খেলোয়াড় দ্বন্দ্ব এবার প্রকাশ্যেই চলে এল। সংগৃহীত ছবি

এই হলো পাকিস্তানের ক্রিকেট। সাধে কি আর তাদের বলে ‘মোস্ট আনপ্রেডিক্টেবল টিম’! দলে কোন্দল থাকবেই। দুর্দান্তভাবে জিততে জিততে হারবে যাচ্ছেতাইভাবে। ইংল্যান্ডের বিপক্ষে দারুণভাবে টেস্ট সিরিজ জিতে নেওয়া পাকিস্তান ওয়ানডেতে ও টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদই হলো। পাকিস্তান দলের এই ব্যর্থতার জন্য সরাসরি কোচ ওয়াকার ইউনিসকেই দায়ী করলেন ইউনিস খান।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইদানীং ভালো করছে না পাকিস্তান। বাংলাদেশ থেকে দুই ফরম্যাটেই খালি হাতে ফিরতে হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টেনেটুনে সিরিজ জিতে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করলেও পরের সিরিজেই জিম্বাবুয়ের কাছে হেরেছিল একটি ওয়ানডেতে। এরপর আবার আরব আমিরাতে নিজেদের ‘হোম’ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও লজ্জাজনক ভাবে হারতে হয়েছে।
ওই সিরিজেই অপ্রত্যাশিতভাবে ওয়ানডে দলে ডাক পেয়ে তার চেয়েও অপ্রত্যাশিতভাবে ওই ম্যাচ খেলেই ওয়ানডেতে অবসর নেওয়া ইউনিস দলের দুর্দশার জন্য সরাসরি ওয়াকারকেই দায়ী করলেন, ‘ড্রেসিং রুমে ভয়ের সংস্কৃতি থাকা ঠিক না। খেলোয়াড়েরা যদি নির্ভার না থাকতে পারে তবে ভালো খেলবে কীভাবে! পাকিস্তানের কোচ হওয়া উচিত এমন কারও যে দলকে এক সুতোয় গাঁথবে।’
নিজের অবসর নেওয়ার প্রসঙ্গেও ওয়াকারকে টেনে আনলেন ইউনিস, ‘আমি যদি কোচ হতাম এবং ওয়াকার যদি অবসর নিত, আমি খুশিই হতাম। কারণ, আমাদের এ রকম সাহসী সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি নেই। আমার এই সিদ্ধান্ত তাঁকে খুশিই করবে।’

বছরের শুরুতেও টি-টোয়েন্টির শীর্ষ দল ছিল পাকিস্তান। কিন্তু এখন র‍্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে ছয়ে নেমে গেছে পাকিস্তান। এর পেছনে কিছুদিন পরপর নতুন নতুন খেলোয়াড়দের দলে টানাকে মূল কারণ ভাবছেন ইউনিস। কারণ, এতে নাকি দলে কোনো সামঞ্জস্য আসছে না, ভারসাম্য হারাচ্ছে দল। বারবার নতুন করে দল সাজানোর ফলে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও কমে যাচ্ছে। তাঁর মতে, পাকিস্তান দলের দরকার প্রয়াত বব উলমারের মতো কোচ, যিনি দলকে উজ্জীবিত করতে পারেন।
কোচ প্রসঙ্গে সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের মতামতেও পাওয়া গেল ইউনিসের কথার ছাপ, ‘কিছু বললেই তো বোর্ড মনে করে সমালোচনা করছি। কিন্তু গত কিছুদিনের রেকর্ড দেখলেই বুঝবেন কোথায় আমাদের ভুলটা হচ্ছে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে হবে, সম্মান দিতে হবে। কিন্তু কোচ যদি তা-ই দিতে না পারে, তবে ভালো ফল আপনি কীভাবে আশা করেন!’ সূত্র: পিটিআই।