পাকিস্তানের ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে দলের খোলনলচেই প্রায় বদলে ফেলেছিল পাকিস্তান। তাতেও এড়ানো যায়নি ধবলধোলাইয়ের লজ্জা। পেন্ডুলামের মতো দুলতে থাকা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল ১ রানে জিতেছে অস্ট্রেলিয়া।
অথচ শেষ ওভারেও জয়টা দেখছিল পাকিস্তানই। ৬ বলে মাত্র ২ রান দরকার, হাতে উইকেট ২টি। ম্যাক্সওয়েলের দুর্দান্ত শেষ ওভার থেকে মাত্র ১ রান নিতে পারলেন তানভির-ইরফানরা। শেষ বলে ২ রান দরকার হলেও ইরফান উল্টো আউট হয়ে গেছেন।
নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হককে বসিয়ে কাল অধিনায়ক করা হয়েছিল আফ্রিদিকে। অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা ভালোই হয়েছিল। ‘অতিরিক্ত রান’ বিলানোর জন্য খ্যাত পাকিস্তানি বোলাররা বল হাতে এতটাই সুশৃঙ্খল থাকলেন, ম্যাচের ৪৫ ওভার পর্যন্ত কোনো ওয়াইড ও নো পায়নি অস্ট্রেলিয়া! ব্যাটিং পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া মাত্র ৯ রান করতে পেরেছে, তা-ও আবার দুটি উইকেটের বিনিময়ে। শেষ ২০ ওভারে পেয়েছে মাত্র ৪টি বাউন্ডারি!
অথচ অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ আশাজাগানিয়া। একপর্যায়ে দলের রান ছিল ১ উইকেটে ১০২। কিন্তু ওয়ার্নারের বিদায়ের পর থেকেই ব্যাটিংয়ের লাগাম ছুটে যায় অস্ট্রেলিয়ার হাত থেকে। তবু একপাশ আগলে রেখেছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু ৪৫.৪ ওভারে সোহেল তানভিরের বলে স্মিথ ৭৭ রানে বোল্ড হতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার আড়াই শ রান পেরোনোর আশা। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৩১/৯ (ফিঞ্চ ১৮, ওয়ার্নার ৫৬, স্মিথ ৭৭, বেইলি ০, ম্যাক্সওয়েল ২০, হিউজ ৫, হাডিন ২, ফকনার ৩৩, স্টার্ক ৫, রিচার্ডসন ৯*, ডোহার্টি ১*; ইরফান ১/৬১, তানভির ৩/৪০, আনোয়ার ১/৪১, জুলফিকার ০/৪২, আফ্রিদি ২/৪৪)।
পাকিস্তান : ৫০ ওভারে ২৩০ (শেহজাদ ২৬, সরফরাজ ৩২, শফিক ৫০, ফাওয়াদ ০, মাকসুদ ৩৪, আমিন ১৯, আফ্রিদি ৬, আনোয়ার ১৪, তানভির ১০, বাবর ১৪*, ইরফান ০; স্টার্ক ১/৩৩, রিচার্ডসন ২/৩৬, ফকনার ২/৫২, ম্যাক্সওয়েল ২/৪১, ডোহার্টি ২/৫৪, স্মিথ ০/৭)।
ফল : অস্ট্রেলিয়া ১ রানে জয়ী।