পাকিস্তানের পর এবার উইন্ডিজকে চমকে দিতে চান নিগাররা

বিশ্বকাপ থেকে ভালো স্মৃতি নিয়ে ফিরতে চায় বাংলাদেশফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় বাংলাদেশের নারী ক্রিকেট দল নিশ্চয়ই পরাক্রমশালী দলগুলোর একটি হবে, তখন জয় হয়ে উঠবে ডালভাত। বিশ্বকাপেও হরহামেশা জয়ের দেখা মিলবে। কিন্তু প্রথমের স্বাদ সব সময়ই আলাদা। সে দিনগুলোতেও ২০২২ সালের ১৪ মার্চ দিনটা অনন্য হয়ে থাকবে। কারণ, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেয়েছিল এদিন। হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে প্রথমবার খেলতে গিয়েই আরেক প্রথমের দেখা পেয়েছে বাংলাদেশ।

মাত্র তিন দিন পেরিয়েছে, বাংলাদেশের অপেক্ষায় আরেক প্রথম। ওয়ানডেতে বাংলাদেশ কখনো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেনি। বিশ্বকাপই সে সুযোগ করে দিচ্ছে। আর সে ম্যাচের প্রস্তুতি অনন্য জয়টা ভুলিয়ে দিচ্ছে বাংলাদেশ দলকে। বিশ্বকাপ থেকে ভালো কিছু স্মৃতি নিয়ে ফেরার স্বপ্নে বিভোর বাংলাদেশ কাল ভোরে নামবে আরেকটি জয়ের আশায়। আগামীকাল ভোর ৪টায় শুরু বাংলাদেশের ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ
ছবি: এএফপি

মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে তিনবার দেখা হলেও ৫০ ওভারের ক্রিকেটে দুই দল এবারই প্রথম মুখোমুখি। এমন এক ম্যাচের আগে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশকে বাড়তি শক্তি দিচ্ছে। অধিনায়ক নিগার সুলতানা যদিও সে ম্যাচের স্মৃতি বা জয়ের স্বাদ নিয়ে পড়ে থাকতে রাজি নন। কারণটা পরিষ্কার, অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতে পা ফেলা যায় না, ‘বিশ্বকাপে প্রথম জয় পাওয়াটা দারুণ আনন্দের। আসলে সেটা এখন ভুলে যেতে চাই, কারণ আমরা এগিয়ে যেতে চাই।’

জয়ের স্মৃতি ভুলে যেতে চাইলেও হ্যামিল্টনকে একদম মুছে ফেলছে না বাংলাদেশ, ‘গত ম্যাচের সব ইতিবাচক দিক নিতে চাই এবং আগামী ম্যাচে সেগুলো কাজে লাগাতে চাই।’

য়াজ সংবাদ সম্মেলনে নিগার
ছবি: আইসিসি

এই ম্যাচের ভেন্যুও বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে। নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে টানা ৩১ ম্যাচ হেরেছিল বাংলাদেশের ছেলেদের দল। মাউন্ট মঙ্গানুইয়ে বছরের শুরুতে টেস্ট জিতে সে ধারায় সমাপ্তি টেনেছে বাংলাদেশ। মঙ্গানুইয়ে সর্বশেষ ম্যাচও বাংলাদেশকে আশা দেখাচ্ছে। গতকাল এই মাঠেই ভারত দলকে ধসিয়ে দিয়েছেন ইংলিশ স্পিনাররা। বাংলাদেশের মূল শক্তি তো স্পিনেই। দুজন লেগ স্পিনার ও এক অফ স্পিনারে প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররাই বাংলাদেশের মূল দুশ্চিন্তা
ছবি: আইসিসি

ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখে উইকেট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এখন মাঠে সেগুলো কাজে লাগাতে চান। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে কখনো ওয়ানডে না খেললেও ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী নিগার। তাঁর ধারণা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনো না খেলার ব্যাপারটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। এতে চমকে দেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, ‘আমার তো এটা ভালোই মনে হচ্ছে। কারণ ওরা আমাদের সম্পর্কে জানে না এবং আমরাও না। আমরা কেমন খেলি ওরা যদি না জানে, সেটা তো আমাদের জন্য ভালো। আমরা আমদের শক্তি অনুযায়ী খেলব এবং সে অনুযায়ী পরিকল্পনা করব।’

পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলেই হয়তো দ্বিতীয় জয়ের দেখাও মিলবে বাংলাদেশের।