পাকিস্তানের প্রতি আবেগ নেই পাকিস্তানি খাজার

তারিক খাজা আর তাঁর স্ত্রী ফৌজয়ার জন্য সামনের কয়েকটি দিন বেশ আবেগের দোলাচলে কাটবে। পাকিস্তানি এই দম্পতি একটু নিরাপদ আশ্রয় কিংবা উন্নত জীবনের আশাতে দেশ ছেড়েছিলেন ৩০ বছর আগে। ইসলামবাদের জীবন থেকে অস্ট্রেলিয়ায় এসে থিতু হয়েছিলেন জীবনের প্রয়োজনেই। সঙ্গে নিয়ে এসেছিলেন ঘর আলো করে আসা ছোট্ট উসমানকে। ৩০ বছর পর সেই খাজাই এবার মাঠে টেস্ট খেলতে নামছে ফেলে আসা দেশের বিপক্ষে। জন্মভূমির বিপক্ষে ছেলের ব্যাট ধরা কী একটুও ঝড় তুলবে না এই দম্পতির মনে!
কদিন আগে ভারতের বিপক্ষে ব্যাট ধরেছেন হাসিব হামিদ। কিন্তু হাসিব ভারতীয় বংশোদ্ভূত হলেও তাঁর জন্ম ইংল্যান্ডে। খাজার জন্ম পাকিস্তানেই। তবে খাজা বলছেন, তাঁর জন্য ব্যাপারটি নাকি অতটা আবেগপূর্ণ নয়। অস্ট্রেলিয়াতে হয়তো তাঁর জন্ম হয়নি। বেড়ে ওঠার সময়টা পুরোটাই কাটিয়েছে অস্ট্রেলিয়াতে, সিডনিতে। ইসলামাদের সেই ছোট্ট বেলার কিছুই মনে নেই। মনে নেই পাকিস্তানের প্রশাসনিক শহরের সেই ছোটবেলার জীবন, বন্ধুদের কথাও। উসমান এখন পুরোপুরিই অস্ট্রেলীয়।
অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপি পরে ২০টি টেস্ট খেলে ফেলা খাজার মনে যে উদ্দীপনাটা অবশিষ্ট, সেটি হচ্ছে এই প্রথমবারের মতো তাঁর জন্মস্থানের বিপক্ষে খেলতে নামা। ১৫ ডিসেম্বর ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। তখন গলা মেলাবেন অস্ট্রেলীয় জাতীয় সংগীতের সঙ্গেই। কিন্তু পাকিস্তানের জাতীয় সংগীত চেনা চেনা লাগলেও সেটি যে তাঁর কাছে দূরের ব্যাপারই। বাবা-মায়ের দেশের বিপক্ষে খেলতে নামার ব্যাপারটিই হয়তো তাঁর মনে সৃষ্টি করবে ব্যঞ্জনা, অন্যরকম এক অনুভূতি!
নিজের বাবা-মার জন্যই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে আবেগময় মনে করেন খাজা, ‘আমার বাবা-মার জন্ম পাকিস্তানে, সেখানে তাঁরা তাঁদের জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন। আমার জন্ম পাকিস্তানে হওয়ায় আমাদের হৃদয়ের খুব কাছেই তার অবস্থান...পাকিস্তান আমার হৃদয়ের বড় অংশজুড়েই আছে। সংস্কৃতিটা খুব গুরুত্বপূর্ণ। ধর্মটাও গুরুত্বপূর্ণ। আমার বাবা-মা অবশ্যই অস্ট্রেলীয়। কিন্তু তাঁরা মনে-প্রাণে পাকিস্তানিও।’
‘অস্ট্রেলীয়’ জীবন গ্রহণ করলেও খাজা তাঁর পরিবারের সঙ্গে কিন্তু এখনো পাকিস্তানি। তিনি বলেছেন, ‘আমার জীবনযাপন পুরোপুরিই অস্ট্রেলীয়। কিন্তু পাকিস্তানি সংস্কৃতি আমার জীবনের একটা অংশ। আমি এখনো উর্দু বলার চেষ্টা করি। তবে এটি ঠিক যে আমার উর্দু অবশ্যই আমার বাবা-মায়ের মতো হয় না। কিন্তু আমি কী বলতে চাই সেটি তাঁরা বুঝতে পারেন। বাবা-মায়ের সঙ্গে থাকা, তাঁদের আশপাশে থাকাটা আমার জীবনের বড় একটা অংশ। এই ব্যাপারগুলো বাদে বাকি সময়টা আমি সাধারণ অস্ট্রেলিয়ানদের মতোই জীবনযাপন করি।’
পাকিস্তানের প্রতি আবেগ থাকলেও তাঁর বাবা-মা এখন খাঁটি অস্ট্রেলিয়ানই—উসমান খাজা অন্তত তা-ই মনে করেন। তাদের হৃদয়জুড়ে এখন নাকি কেবলই অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা, ‘আমার বাবা-মা এখন পুরোপুরিই অস্ট্রেলীয়। পাকিস্তানকে তাঁরা সমর্থন করেন না। তাঁরা অস্ট্রেলিয়ার জয় কামনা করেন সব সময়। তারা চান, অস্ট্রেলিয়ার হয়ে আমি ভালো করি। এমনকি আমি অস্ট্রেলিয়া দলে না থাকলেও প্রতিটি ক্ষেত্রে তারা অস্ট্রেলিয়া যেন জেতে, সেটিই চান।’