পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যে ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুট্টোর প্রস্তাব মেনে নিতে পারেননি মুশতাক। ছবি: সংগৃহীত
ভুট্টোর প্রস্তাব মেনে নিতে পারেননি মুশতাক। ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে প্রথম সেঞ্চুরিটি তাঁরই। সৈয়দ মুশতাক আলী ছিলেন ভারতীয় ক্রিকেটের টেস্ট যুগের একেবারে শুরুর দিকের ক্রিকেটার। ১৯৩৪ থেকে ১৯৫২ সালের মধ্যে খেলেছিলেন ১১টি টেস্ট। ৯০ বছর বয়সে পরলোকে গেছেন এক যুগ আগে। ২০০৫ সালে ইহলোক ত্যাগ করা এই ক্রিকেটার দুবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তানের নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

তথ্যটি জানিয়েছেন তাঁরই সন্তান সৈয়দ গুলরেজ আলী। টেস্টে ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি করা মুশতাক আলীকে ক্রিকেটার হিসেবে দারুণ পছন্দ করতেন ভুট্টো। ডগলাস জার্ডিনের ইংলিশ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত এই ক্রিকেটারকে পছন্দ না করার কোনো কারণও ছিল না। স্টাইলিশ এই ক্রিকেটার ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। ভুট্টো মুশতাককে প্রথম ‘পাকিস্তানি’ হওয়ার প্রস্তাব দেন ১৯৪৭ সালে ভারত বিভাগের সময়ই। মুসলমান বলেই ভুট্টো চেয়েছিলেন ক্রিকেটে মুশতাকের সেবাটা নতুন স্বাধীন রাষ্ট্র পাকিস্তানই পাক। পাকিস্তানের স্বাধীনতার সময় ভুট্টো ছিলেন একজন নবীন রাজনীতিক। পাকিস্তানের জাতীয় রাজনীতিতে তখনো সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি।
গুলরেজ বলেছেন, কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিজের জন্মভূমি ত্যাগের ঘোর বিরোধী ছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া এই ক্রিকেটার। ভুট্টোকে তিনি বিনয়ের সঙ্গেই বলেছিলেন, ‘ভারত আমার জন্মভূমি, এই জন্মভূমি ছেড়ে যাওয়া সম্ভব নয় আমার।’
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সিমলা চুক্তি সই করেছিলেন পাকিস্তানের সে সময়ের প্রধানমন্ত্রী ভুট্টো। তিনি সে সময়ও নাকি মুশতাক একই কথা বলেছিলেন।
১৯৩৬ সালের ভারতের ইংল্যান্ডে সফরে ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করেছিলেন মুশতাক। ১১২ রানের সেই ইনিংসটি ছিল বিদেশের মাটিতে প্রথম ভারতীয় হিসেবে তিন অঙ্ক ছোঁয়া। ১৯৪৮ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন। খুব বেশি টেস্ট না খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর আছে ১৩ হাজার ২১৩ রান। ৩৫.৯০ গড়ে এই রান তুলতে ৩০টি সেঞ্চুরি আর ৬৩টি ফিফটি করেছিলেন। ভারতের সাবেক এই ব্যাটসম্যানের নামেই ভারতীয় ক্রিকেট বোর্ড চালু করেছে দেশটির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। সৈয়দ মুশতাক আলী ট্রফি নামের সেই টুর্নামেন্টে খেলে থাকে রঞ্জি ট্রফির দলগুলো।