প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাট করে জিতিয়েছিলেন দলকে। ব্যাট হাতে ঝড় তোলার সহজাত অভ্যাসটাকে বশে রেখে শহীদ আফ্রিদি সেদিন খেলেছিলেন স্বভাববিরুদ্ধ এক ইনিংস। কিন্তু ঝোড়ো ব্যাটিং যাঁর রক্তে, তাঁর অভ্যাস কি আর এত সহজে বদলায়! এক ম্যাচ পরেই আবার পুরোনো রূপে আফ্রিদি। শারজায় কাল ২৬ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। এরপর বল হাতেও ৩ উইকেট। পাকিস্তানের ১৪৭ রানের বড় জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। পাকিস্তানের ৩৬৪ রানের জবাবে ৩৮.২ ওভারেই নিউজিল্যান্ড অলআউট ২১৭ রানে।
ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে ম্যাচসেরা ওপেনার আহমেদ শেহজাদ (১২০ বলে ১১৩)। আফ্রিদির পাশাপাশি হারিস সোহেল (২৮ বলে ৩৯) ও সরফরাজ আহমেদরা (১৪ বলে অপরাজিত ৩০) ঝড় তোলায় শেষ ১০ ওভারে পাকিস্তান তুলে নেয় ১২৫ রান। পঞ্চম উইকেটে আফ্রিদি-সোহেল জুটি মাত্র ৭.৪ ওভারে তুলেছে ৮৯ রান। ৩ ছক্কা ও ৬ চারে সাজানো আফ্রিদির ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম হাফ সেঞ্চুরিটি এসেছে মাত্র ২১ বলে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান এগিয়ে গেল ২-১-এ। টেন ক্রিকেট।