পাকিস্তানের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচেই হার—বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ যেন দুলে উঠেছিল শঙ্কায়। ব্রিসবেনে জিম্বাবুয়েকে ২০ রানে হারিয়ে প্রথম জয় পেয়েও অস্বস্তিটা কাটছিল না। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেপিয়ারে পাওয়া কালকের জয়ের পর পাকিস্তানের এখন স্বস্তিই পাওয়ার কথা।
বলতে পারেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তানের তো জেতারই কথা। তাদের ১২৯ রানে হারানো এমন কী হাতি-ঘোড়া মারা! তবে এই ম্যাচে আসল ব্যাপার হলো, তাদের খেলা এবং জয়ের ধরন। ৬ উইকেটে ৩৩৯ রানের ইনিংসে সেঞ্চুরি নেই একটিও! এই বিশাল রান দলীয় প্রচেষ্টার ফসল। এক ম্যাচে অনেকের একসঙ্গে জ্বলে ওঠার অপেক্ষায়ই তো ছিল দলটা!
ওপেনার নাসির জামশেদ আবারও দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই আউট। কিন্তু মাত্র ১০ রানে প্রথম উইকেট হারানোর কোনো ধাক্কাই যেন লাগল না পাকিস্তানের ইনিংসে! দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও হারিস সোহেলের ১৬০ রানের জুটি। ৩৫ ওভারের মধ্যে দুজনই ৬ রানের ব্যবধানে ফিরে গেলেও পরের উইকেটে সোহেব মাকসুদ ও অধিনায়ক মিসবাহ-উল-হকের ৭৫ এবং পঞ্চম উইকেটে মিসবাহ-উমর আকমলের ৬১ রানের জুটিতে পাকিস্তান চলে যায় ৩৩০ রানের ওপরে। এর মধ্যে শেষ ১২ ওভারেই এসেছে ১৪৩ রান। মাত্র ৭ বলে ২১ রান করে শেষ ঝড়টা তুলেছেন শহীদ আফ্রিদি। এই ইনিংস দিয়ে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ হলো তাঁর।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৭ রান করার পর সর্বশেষ দুই ম্যাচে শেহজাদ করেছেন ১ আর ০। তবে কাল তাঁর ১০৫ বলে করা ৯৩ রানেরই সবচেয়ে বড় অবদান পাকিস্তানের ইনিংসে। এ ছাড়া হারিস সোহেল করেছেন ৮৩ বলে ৭০, মাকসুদ ৩১ বলে ৪৫ আর মিসবাহ ৪৯ বলে ৬৫।
২৫ রানে ৩ উইকেট হারানো আমিরাতের ইনিংসের ‘হাইলাইটস’ বলতে পারেন শাইমান আনোয়ারের ইনিংসটাকে। ২ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ৮৮ বলে ৬২ করেছেন, চতুর্থ উইকেট জুটিতে খুররম খানের সঙ্গে জুটি গড়েছেন ৮৩ রানের। কালকের ইনিংস দিয়ে এই বিশ্বকাপে শীর্ষ রানসংগ্রাহক হয়ে গেলেন আনোয়ার। ছাড়িয়ে গেছেন কুমার সাঙ্গাকারাকে। চার ম্যাচে ২৭০ রান নিয়ে আনোয়ারই এখন সবার ওপরে। ২৬৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে সাঙ্গাকারা। তবে তিনি একা আর কতটা টানবেন দলকে? হাতে ২ উইকেট থাকার পরও তাই আমিরাতের ইনিংস শেষ হয়েছে ২১০ রানে। সূত্র: ক্রিকইনফো, স্টার স্পোর্টস।

স্কোরকার্ড
টস: আরব আমিরাত
পাকিস্তান  রান  বল  ৪ ৬  
জামশেদ ক খুররম ব গুরুগে ৪ ১২ ০ ০
শেহজাদ রানআউট ৯৩ ১০৫ ৮ ১
হারিস ক শাইমান ব নাভিদ ৭০ ৮৩ ৫ ১
মাকসুদ ক মুস্তাফা ব গুরুগে ৪৫ ৩১ ৪ ২
মিসবাহ ক মুস্তাফা ব গুরুগে ৬৫ ৪৯ ৪ ২
আকমল ক আমজাদ ব গুরুগে ১৯ ১৩ ১ ১
আফ্রিদি অপরাজিত ২১ ৭ ১ ২
রিয়াজ অপরাজিত ৬ ১ ০ ১
অতিরিক্ত (লেবা ৩, ও ১২, নো ১) ১৬
মোট (৫০ ওভারে, ৬ উইকেটে) ৩৩৯
উইকেট পতন: ১-১০, ২-১৭০, ৩-১৭৬, ৪-২৫১, ৫-৩১২, ৬-৩১২।
বোলিং: নাভিদ ১০-০-৫০-১ (নো ১, ও ১), গুরুগে ৮-০-৫৬-৪ (ও ২), জাভেদ ৯-০-৭৬-০ (ও ২), তৌকির ১০-০-৫২-০ (ও ১), খুররম ৩-০-২১-০, কৃষ্ণা ৮-০-৫৮-০, মুস্তাফা ২-০-২৩-০ (ও ২)।
আরব আমিরাত
আমজাদ ব রাহাত ১৪ ৩০ ২ ০
বেরেঙ্গার ক আকমল ব সোহেল ২ ১৩ ০ ০
কৃষ্ণা ক আকমল ব সোহেল ০ ১১ ০ ০
খুররম ক রিয়াজ ব মাকসুদ ৪৩ ৫৪ ৩ ১
শাইমান ক জামশেদ ব আফ্রিদি ৬২ ৮৮ ৪ ২
পাতিল ব রিয়াজ ৩৬ ৬৮ ২ ০
মুস্তাফা ক শেহজাদ ব আফ্রিদি ০ ২ ০ ০
জাভেদ ক সোহেল ব রিয়াজ ৪০ ৩৩ ৫ ২
নাভিদ অপরাজিত ০ ০ ০ ০
তৌকির অপরাজিত ০ ১ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ১২) ১৩
মোট (৫০ ওভারে, ৮ উইকেটে) ২১০
উইকেট পতন: ১-১৯, ২-১৯, ৩-২৫, ৪-১০৮, ৫-১৪০, ৬-১৪০, ৭-২০৮, ৮-২১০।
বোলিং: ইরফান ৩-১-২-০, সোহেল ৯-২-৫৪-২ (ও ৩), রাহাত ১০-০-৩০-১ (ও ২), রিয়াজ ১০-১-৫৪-২ (ও ২), আফ্রিদি ১০-১-৩৫-২ (ও ৩), মাকসুদ ৫-০-১৬-১ (ও ১), হারিস ৩-০-১৮-০।
ফল: পাকিস্তান ১২৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আহমেদ শেহজাদ।