পাকিস্তানের বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে মাথা উঁচু করেই খেলতে যাবে নিউজিল্যান্ড ছবি: এএফপি
বিশ্বকাপে মাথা উঁচু করেই খেলতে যাবে নিউজিল্যান্ড ছবি: এএফপি

নিউজিল্যান্ডের ৩৬৯ রানের বিশাল সংগ্রহের জবাবে লড়াইটা অন্তত করতে পারত পাকিস্তান। কিন্তু নেপিয়ারের ম্যাক্লিন পার্কে সেই লড়াইয়ের ধারকাছ দিয়েও হাঁটতে পারল না মিসবাহ-বাহিনী। ফলাফল যা হওয়ার তা-ই। ১১৯ রানের বিশাল হারে সিরিজে ধবলধোলাই হয়ে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসকে আরও তলানিতে নিয়ে গেল পাকিস্তান দল।
আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের উদ্বোধনী জুটি কিন্তু লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ১১১ রানের জুটি গড়ে ভিত্তি গড়েছিল দুরন্ত এক যুদ্ধের। কিন্তু পরের ব্যাটসম্যানরা সেই ভিত্তির ওপর দাঁড়িয়েও দেখিয়েছেন ব্যর্থতার পরাকাষ্ঠা। হাফিজের ৮৬ ও শেহজাদের ৫৫ রানের বাইরে একমাত্র মিসবাহ-উল-হকই অধিনায়কোচিত ব্যাটিংয়ে লড়াইটা জারি রেখেছিলেন। বাকি সব ব্যর্থ। চূড়ান্ত রূপেই ব্যর্থ। এই তিনের বাইরে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ সরফরাজ আহমেদের, ১৩! ইউনুস খান, উমর আকমল, হারিস সোহেল সবাই আত্মসমর্পণ করেছেন অসহায় ভঙ্গিতেই। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার কারণেই নিউজিল্যান্ডের ৩৬৯ রানের জবাবে পাকিস্তানের ইনিংস থেমে গেছে ২৫০ রানেই।
নিউজিল্যান্ডের প্রায় সব বোলারই সফল। বেশ রসিয়ে রসিয়ে মজা করেই তাঁরা নিয়েছেন পাকিস্তানি উইকেটগুলো। টিম সাউদি, অ্যাডাম মিলনে, নাথান ম্যাককালাম ও গ্র্যান্ট এলিয়ট—প্রত্যেকেই দখল করেছেন দুটি করে উইকেট। ট্রেন্ট বোল্ট, ড্যানিয়েল ভেট্টরির ঝুলিতে গেছে একটি করে উইকেট। সূত্র: এএফপি।