পাকিস্তানের বিপক্ষে ভারতই ফেবারিট, বললেন আকরাম

ক্রিকেটের অনেক মহাকাব্যের সঙ্গেই জড়িয়ে আছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই মহারণকে সামনে পেয়ে জ্বলে ওঠে দুই দলই। আগামী ২৭ ফেব্রুয়ারি এশিয়া কাপে আবারও এমনই এক লড়াইয়ের অপেক্ষা। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও কিন্তু চলে লড়াই। কথার তোপ দাগানো। এটিও সেই লড়াইয়ের অংশ, নাকি ওয়াসিম আকরাম মন থেকেই কথা বলছেন তা অবশ্য বোঝা যাচ্ছে না। পাকিস্তানের কিংবদন্তি পেসার যে বলছেন, তাঁর চোখে ভারতই ফেবারিট।
পাকিস্তানের অনেক চেষ্টার পরও বহুল আলোচিত দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায়নি। ২০১৫ বিশ্বকাপের পর তাই আর দুই দলের দেখা হয়নি। প্রায় এক বছর পর এই দুই দলের ম্যাচ নিয়ে তাই সবার মাঝেই সৃষ্টি হয়েছে আগ্রহ। আকরাম নিজেও এর বাইরে নন, ‘এটি একটি দারুণ ম্যাচ হবে, এর অপেক্ষায় আছি। ভারত এখন যেভাবে খেলছে তাতে ওরা পরিষ্কারভাবে এগিয়ে আছে।’
এশিয়া কাপের পর কদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে তাই ক্ষুদ্রতম সংস্করণে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তটা পছন্দ হয়েছে তাঁর, ‘এবারের এশিয়া কাপ বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ খেলা হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। এখানে এমন তিনটি দল খেলছে যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আর বাংলাদেশ তো ইদানীং নিজেদের মাঠ প্রায় অজেয়। এই টুর্নামেন্ট দলগুলোর জন্য একটা দারুণ সুযোগ, বিশ্বকাপে দলের সেরা সমন্বয় বেছে নিতে সাহায্য করবে অনেক।’
এর পর ১৯ মার্চও বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে দুইবার মুখোমুখি হবে দুদল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোথায় উত্তরসূরিদের সাহস দেবেন তা না উল্টো ভারতকেই এগিয়ে রাখছেন আকরাম! সূত্র: পিটিআই।