পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই শুরু
আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম দিনেই রাজধানী হারারেতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আজ বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আগামী বছর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। সর্বোচ্চ এই আসরে সরাসরি খেলবে আটটি দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক নিউজিল্যান্ড। বাছাইপর্বে খেলে তিনটি দল পাবে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশসহ আটটি দেশ খেলছে বাছাইপর্বে। দেশগুলো হচ্ছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
প্রতিটি গ্রুপে আছে ৫টি করে দল। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে অন্য তিনটি দেশ থাইল্যান্ড জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘এ’-তে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স। সেখানের সেরা হওয়ার তিনটি দল পাবে বিশ্বকাপের টিকিট। এখন পর্যন্ত নারীদের ওয়ানডে বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। ২০১৭ সালে বাছাইপর্বে পঞ্চম হয়েছিল রুমানা আহমেদরা।