পাকিস্তানের বিপক্ষে ৩০ বছর পর কিউইরা

সর্বশেষ তিন টেস্টে তিনবারই টসে জিতে প্রথম ব্যাট করেছে পাকিস্তান। তিনটিতেই দাপটের সঙ্গে জয়। এই তিন টেস্টের প্রথম ইনিংসে প্রতিপক্ষের তোলা সর্বোচ্চ রান ৩০৩। দুবাই টেস্টে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক নির্দ্বিধায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলল ৪০৩ রান। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। কিউইরা এগিয়ে ৩৬৯ রানে।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে দুই ওপেনার শান মাসুদ (১৩) ও তৌফিক ওমরের (১৬) উইকেট হারিয়েছে পাকিস্তান। উইকেটে আছেন ধারাবাহিক পারফর্ম করা আজহার আলী (৪) ও ইউনিস খান (১)। ফলো-অন এড়াতে এখনো পাকিস্তানের দরকার ১৭০ রান।
দেশের বাইরে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩০ বছর পর ৪০০-এর ওপর রান করল নিউজিল্যান্ড। সর্বশেষ ১৯৮৪ সালে করাচি টেস্টে ৪২৬ রান করেছিল কিউইরা। আজ ১৫৬ ওভার খেলে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। এ বছরে ১৫০-এর ওপর ওভার খেলেছে ‘ব্ল্যাক ক্যাপ’দের এমন ইনিংসের সংখ্যা এ দিয়ে চারটি। ১৯৭২ সালে এক বছরে সর্বোচ্চ পাঁচবার ১৫০-এর ওপর ওভার খেলেছিল নিউজিল্যান্ড।
আগের দিনে ৩ উইকেটে ২৪৩ রানে খেলতে নেমে দ্বিতীয় দিনে অবশিষ্ট ৭ উইকেটে ১৬০ রান যোগ করেছে নিউজিল্যান্ড। দিনের শুরুতেই কিউইদের ধাক্কা দেন রাহাত আলী ও এহসান আদিল। ২৪৫ রানে ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান টম লাথাম ও কোরি অ্যান্ডারসন। রাহাতের বলে ফেরার আগে লাথামের সংগ্রহ ১৩৭ রান। ২৭৮ রানে ষষ্ঠ উইকেটের পতন হলো নিউজিল্যান্ডের বড় ইনিংস গড়া কঠিন হয়ে পড়ে। এ পর্যায়ে দলকে এগিয়ে নেয় ওয়াটলিং-ক্রেইগের সপ্তম উইকেট জুটি। এ জুটিতে আসে ৬৮ রান। গত ২৪ বছরে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টেস্টে সপ্তম উইকেটে তোলা এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান। নবম উইকেট জুটিতে টিম সাউদি-ইশ সোধির যোগ করা ৩৯ রান নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ দেয়। নির্দিষ্ট করে বললে, লোয়ার অর্ডারের মার্ক ক্রেইগের ৪৩, ওয়াটলিংয়ের ৩৯ ও সোধির অপরাজিত ৩২ রানে ৪০০ পেরোয় কিউরা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন জুলফিকার বাবর। টেন ক্রিকেট ও ক্রিকইনফো।