পাকিস্তানের বিপক্ষে 'ষড়যন্ত্র' করছে ভারত!

‘ষড়যন্ত্র’! ভারত-পাকিস্তানের ইতিহাসের সঙ্গে এ শব্দটার দারুণ যোগ। দুটি দেশের কত ইতিহাসই তো বদলে গেল প্রাসাদ ষড়যন্ত্রে! তবে কি এবার নতুন ষড়যন্ত্র? প্রসঙ্গটা টেনে এনেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তান অলরাউন্ডার নতুন করে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন। সেটা ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে।
কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছিল, পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস এবং দলের ম্যানেজার মঈন খান নাকি অধিনায়ক মিসবাহ-উল-হককে কোণঠাসা করে রাখছেন। এ–সংক্রান্ত খবরে হাফিজের উদ্ধৃতিও ছিল। ব্যস, এতেই চটেছেন পাকিস্তান অলরাউন্ডার। হাফিজের দাবি, পাকিস্তান দলের ক্ষতির উদ্দেশ্যে ভারতীয় সংবাদমাধ্যমে ভুলভাবে তাঁর উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে।
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার বললেন, ‘আমি এ ধরনের কিছুই বলিনি। পাকিস্তান দলকে ক্ষতি করার উদ্দেশ্যে এ প্রচারণা চালানো হচ্ছে।’ হাফিজ আরও দাবি করেন, ‘পাকিস্তান দল, খেলোয়াড় ও ম্যানেজমেন্ট—সবাই একতাবদ্ধ। কোনো ধরনের বিভেদ বা রাজনীতি নেই সাজঘরে।’ হাফিজ জানালেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন পিসিবিকে। বললেন, ‘বিষয়টি আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অবহিত করব। কারণ, এটা মারাত্মক অভিযোগ।’ তথ্যসূত্র: জিনিউজ।