পাকিস্তানের বিপক্ষেও হারই সঙ্গী বাংলাদেশের
গত ম্যাচে একাই লড়ে গিয়েছিলেন ওপেনার শারমিন আক্তার। ১৩৭ বলে করেছিলেন ৮১ রান। বাকিদের মধ্যে একজন ছাড়া কারওর স্কোর ৩০-ও স্পর্শ করেনি। এ ম্যাচেও সেই 'ধারাবাহিকতা' বজায় থাকল। মূল চরিত্র হিসেবে শুধু শারমিনের জায়গায় এলেন ফারজানা হক। গত ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন শারমিন, আজ লড়লেন ফারজানা।
ফারজানার ৯৫ বলে ৭১ রানের ইনিংসটা বাংলাদেশের ভাগ্য বদলাতে পারল না। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লিঙ্কনে পাকিস্তানের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সাত রানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই দেখা গেছে বৃষ্টির দাপট। বৃষ্টির কারণে ছোট হয়ে আসা ম্যাচে দুই দল খেলতে পেরেছে ৪২ ওভার করে। টস জিতে প্রথমে ব্যাট করতে পাকিস্তান। ৭ উইকেটে তোলে ১৯৯ রান। হারা ম্যাচে স্বস্তি দিয়েছে বাংলাদেশের বোলিং।
অভিজ্ঞ পেসার জাহানারা না খেললেও অন্য দুই পেসার ফারিহা তৃষ্ণা ও রিতু মনি তাঁর অভাব বুঝতে দেননি, তিনটি করে উইকেট নিয়েছেন। বাকি উইকেট নেন নাহিদা আক্তার।
পাকিস্তানের টপ অর্ডার ব্যর্থ হলেও ইনিংসের হাল ধরেন চার নম্বরে নামা জাভেরিয়া খান (৪৪) ও বিসমাহ মারুফ (৩২)। জাভেরিয়া-বিসমাহর পথ ধরে দলকে এগিয়ে নিয়ে যান লোয়ার অর্ডারের আলিয়া রিয়াজ (৪৫) ও ফাতিমা সানা (২৯)।
ব্যাট করতে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন তিন নম্বরে ব্যাট করতে নামা ফারজানা হক। আর দেখেছেন আরেক প্রান্তে শামিমা-শারমিন, রুমানা-সালমাদের আসা-যাওয়া। ৯৫ বলে ছয় চারের সাহায্যে ৭১ রান করেন ফারজানা। এক রুমানাই যা একটু সাহায্য করতে পেরেছেন তাঁকে। ফাতিমা সানার বলে বোল্ড হওয়ার আগে ৩৬ বলে ৩০ রান করেছেন রুমানা।
এই ফাতিমা সানা আর নাসরা সান্ধুই বলতে গেলে বল হাতে ডুবিয়েছেন বাংলাদেশকে। দুজন মিলে নিয়েছেন সাত উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আইমান আনোয়ার ও গুলাম ফাতিমা। শেষমেশ ৪১.৪ ওভারে লতা মণ্ডলের আউট হওয়ার মাধ্যমে ১৯২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। হেরে যায় সাত রানে।
দুই প্রস্তুতি ম্যাচ থেকে খালি হাতে ফেরা বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী শনিবার। লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।