পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ওয়াকার

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিসছবি: পিএসএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপ এসেই গেল! আর তিন মাস পরেই যে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসর। অস্ট্রেলিয়া এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ।

৩০ বছর আগে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ১৯৯২ সালের সেই বিশ্বকাপটা তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ডকে সঙ্গী করেই যৌথভাবে আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের পাকিস্তান।

তিন দশক পর সেই অস্ট্রেলিয়াতেই আরেকটি বৈশ্বিক শিরোপার স্বপ্ন দেখছে পাকিস্তান। দলটির সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস তো বলেই দিলেন, অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে পাকিস্তানের।

এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার বড় সুযোগ। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। পাকিস্তানের ভালো ব্যাটসম্যানও আছে। ওরা ওই কন্ডিশনে ভালো করবে।
ওয়াকার ইউনিস
বাবর আজম (ডানে) ও মোহাম্মদ রিজওয়ানকেই পাকিস্তানের মূল ভরসা মানছেন ওয়াকার ইউনিস
ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ—এ কারণে নয়, খেলোয়াড়দের ফর্ম ও সামর্থ্য বিবেচনা করেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার সম্ভাবনা দেখছেন পাকিস্তানের। ওয়াকারকে আশাবাদী করছে পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম ও র‌্যাঙ্কিংও। এই মুহূর্তে টি–টোয়েন্টি দলীয় র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে দলটি। র‌্যাঙ্কিংয়ে ভারত ও ইংল্যান্ডের পেছেন আছে পাকিস্তান। টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তো দলটির বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আছেন শীর্ষ দুইয়ে।

সবকিছু বিবেচনা নিয়েই ওয়াকার আইসিসি ডিজিটালে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার বড় সুযোগ। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। পাকিস্তানের ভালো ব্যাটসম্যানও আছে। ওরা ওই কন্ডিশনে ভালো করবে।’

ওয়াকারের চোখে ব্যাটিংয়ে বাবর–রিজওয়ানই পাকিস্তানের মূল অস্ত্র, ‘টপ অর্ডারে বাবরই হবে আমাদের মূল ব্যাটসম্যান। আমি মনে করি, সে বরাবরের মতোই নিজের ছাপ রাখবে। আর রিজওয়ানও তো খুব ভালো খেলছে। আমাদের বোলিংটা তো অন্যতম সেরা।’

পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব শাহিন আফ্রিদির কাঁধেই
ফাইল ছবি

পাকিস্তানের বোলিংয়ে নেতৃত্বটা এখন পেসার শাহিন আফ্রিদির কাঁধেই। তবে ওয়াকার মনে করেন, অন্য বোলাররাও দলকে সাফল্য এনে দেবেন, ‘আমরা গত এক বছরে ছয়–সাতজন ফাস্ট বোলারকে খেলিয়েছি। সবাই ভালো করেছে। আমার মনে হচ্ছে, হারিস রউফ ও শাহিন আফ্রিদিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হাসান আলীকেও ভুললে চলবে না, সে–ও খুব ভালো বোলার।’

পাকিস্তানের স্পিনারদের নিয়েও আশাবাদী ওয়াকার, ‘পাকিস্তানের ফাস্ট বোলিং তো খুবই ভালো। এখন শাদাব ও নেওয়াজের মতো দুই ভালো স্পিনারকে সঙ্গী করে ওদের ভালো করতে হবে।’

২০০৯ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তান ২০২২ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে। দুই নম্বর গ্রুপে দলটির সঙ্গী বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটি দলও যোগ হবে গ্রুপে। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।