পাকিস্তানের বিশ্বকাপ দলে নিষিদ্ধ আজমলও

ভারতের পর এবার বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করল পাকিস্তানও। তবে ভারতের উল্টো পথেই হেঁটেছে পাকিস্তান। ভারত যেখানে শেবাগ–গম্ভীর–যুবরাজের মতো সিনিয়রদের ছেঁটে ফেলেছে, সেখানে পাকিস্তান সিনিয়রদের জায়গা করে দিয়েছে। কদিন আগেও ওয়ানডে দলে ব্রাত্য ইউনিস খান যেমন আছেন, একইভাবে জায়গা পেয়েছেন সাঈদ আজমলও। যদিও আজমল এই মুহূর্তে অবৈধ অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ।
প্রাথমিক দলে থাকলেও ১৫ জনের চূড়ান্ত দলে জায়গা পেতে হলে এই স্পিনারকে আগে আইসিসির ছাড়পত্র পেতে হবে। আজমল এখন অ্যাকশন শোধরানোর প্রক্রিয়ায় আছেন। যদিও পিসিবির পক্ষ থেকে এখনো তাঁর বায়োমেকানিক পরীক্ষার আবেদন করা হয়নি আইসিসির কাছে। পরীক্ষার পর সবুজসংকেত পেলেই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন আজমল। তবে পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় দেশের সেরা স্পিনারটি যে আছেন, সেটাই যেন বুঝিয়ে দেওয়া হলো ৩০ জনের দলে তাঁকে অন্তর্ভুক্ত করে।
২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই ব্রাত্য হয়ে থাকা অলরাউন্ডার শোয়েব মালিক আর উইকেটরক্ষক কামরান আকমলকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন কামরান।
সর্বশেষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেবার বিশ্বকাপ হয়েছিল, সেবার জিতেছিল পাকিস্তানই। সেই হারানো গৌরব ফিরিয়ে আনার মিশন নিয়ে দল এবারও মাঠে ঝাঁপিয়ে পড়বে বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী মঈন খান। মঈন এখন পিসিবির প্রধান নির্বাচক।
পাকিস্তান দল
ওপেনার: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, সার্জিল খান, সামি আসলাম
মিডল অর্ডার: মিসবাহ–উল–হক, ইউনিস খান, আসাদ শফিক, আজহার আলী, শোয়েব মাকসুক, ফাওয়াদ আলম, হারিস রসুল, উমর আকমল
অলরাউন্ডার: শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, বিলাওয়াল ভাট্টি
উইকেটরক্ষক: সরফরাজ আহমেদ, কামরান আকমল
ফাস্ট বোলার: মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, উমর গুল, এহসান আদিল, মোহাম্মদ তালহা, আনওয়ার আলী, সোহেল তানভীর
স্পিনার: সাঈদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, ইয়াসির শাহ