পাকিস্তানের ব্যাটিং কোচ ভিভ?

সিদ্ধান্তটা এখনো ঝুলে আছে পাকিস্তান সরকারের ওপর। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অনুমতি দিলেই ৮ মার্চ ভারতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। কিন্তু তারাই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চায় ভিভ রিচার্ডসকে। আর এরই মধ্যে মুশতাক আহমেদকে সরিয়ে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আজহার মেহমুদকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি পাকিস্তান দিয়ে রেখেছে অনেক আগেই। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে না সে পথে তারা হাঁটবে। সরকারের সবুজসংকেত মিলবে এমনটা ধরেই এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর সচিবালয়েও যাওয়ার কথা পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের। আইসিসির আসন্ন টুর্নামেন্টটিতে না খেললে উল্টো ঝামেলায় পড়তে পারে পিসিবি, সেটি শাহরিয়ার খান জানেন। ‘টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে যদি সরে দাঁড়াই আমরা, তাহলে আমাদের জরিমানা দিতে হবে আইসিসিকে’—পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে বললেন পিসিবি চেয়ারম্যান। তবে জরিমানার অঙ্কটা কত হতে পারে, সেটি অবশ্য জানাননি।
ব্যক্তিগত কারণে বোলিং কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট দলকে আর সময় দিতে পারছেন না মুশতাক আহমেদ। তাঁর জায়গায় দলের প্রধান কোচ ওয়াকার ইউনিসের পরামর্শেই চলতি পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা মেহমুদকে নিয়োগ দিয়েছে পিসিবি। তবে কত দিনের জন্য, সেটি অবশ্য বলা হয়নি। মেহমুদের নিয়োগটা দীর্ঘমেয়াদি হলে মুশতাক সম্ভবত প্রধান কোচ হিসেবে যোগ দেবেন জাতীয় ক্রিকেট একাডেমিতে।
মেহমুদের নিয়োগের চেয়েও বড় চমক আসতে পারে পাকিস্তান দলে। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আজহার-আফ্রিদি-হাফিজদের পরামর্শক হতে পারেন ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডস! পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হতে কদিন আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন রিচার্ডস। পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ‘গুরু’ হিসেবে তাঁর কাজে মুগ্ধ পিসিবির কর্মকর্তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে আইসিসির সঙ্গে কাজ করার জন্যও চুক্তিবদ্ধ ক্যারিবীয় কিংবদন্তি। তাঁর নিয়োগের ক্ষেত্রে বাধা এখন এই একটাই। ক্রিকইনফো, এনডিটিভি, আইএএনএস।