প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটারদের মনোবিদের শরণাপন্ন হওয়াটা নতুন কিছু নয়। বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দলও হাঁটছে এই পথে। আগামী সপ্তাহে নিউজিল্যান্ডে রওনা হওয়ার আগে পাকিস্তানের এক বিখ্যাত মনোবিদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন মিসবাহ-উল-হকরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে ক্রীড়া মনোবিজ্ঞানী বাবরির সঙ্গে দুটি সেশন কাটাবেন ক্রিকেটাররা। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হবে সেশনগুলো।
ন্যাশনাল একাডেমিতেই কাল শুরু হয়ে গেছে পাকিস্তানের চার দিনের কন্ডিশনিং ক্যাম্প। মনোবিদের সঙ্গে সময় কাটানোটা এই ক্যাম্পেরই অংশ। আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগে যেকোনো ধরনের ভয়-দুশ্চিন্তা দূর করতেই এই আয়োজন। পিসিবির এক মুখপাত্র বলেছেন, কোচ ওয়াকার ইউনিসের অনুরোধেই এই সংক্ষিপ্ত ক্যাম্পের আয়োজন। দ্য হিন্দু।