পাকিস্তানের মুখে এক মনে আরেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার খান
শাহরিয়ার খান

‘ভারতকে আমাদের দরকার নেই। ভারতকে ছাড়াই ভালো মতো টিকে থাকতে পারে পাকিস্তানের ক্রিকেট। ভারত খেলতে রাজি না হলে আমরা দেন-দরবার করব না।’ মাত্র কদিন আগেই বেশ আত্মগৌরব নিয়ে এসব বলেছিলেন শাহরিয়ার খান। সেই পাকিস্তান ক্রিকেট বোর্ডই আসলে ভারত রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পিসিবি সভাপতি আরও একবার আহ্বান জানিয়েছেন, খেলার সঙ্গে রাজনীতিকে না-মেশাতে।
দুই বোর্ডের চুক্তি অনুযায়ী এই ডিসেম্বরে ভারতকে আতিথ্য দেওয়ার কথা পাকিস্তানের। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে সেই সিরিজের আয়োজন করতে এক পায়ে খাঁড়া। ২০০৮ সালের পর এই দুই দেশের পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। ভারতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগে আবারও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। তার আঁচ পড়েছে ক্রিকেটেও।
ক্রিকেট বাণিজ্যের লক্ষ্মী বলে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাওয়া যেকোনো বোর্ডের জন্যই এমনিতেই পরম আরাধ্যের। তার ওপর লড়াইটা যদি হয় ভারত বনাম পাকিস্তান, সেটি আরও বেশি স্পনসরদের টেনে আনে। পরতে পরতে উত্তাপ জমে থাকে বলে দুই দেশের ক্রিকেটীয় লড়াইয়ের আকর্ষণও অনেক। আর্থিকভাবে এই সিরিজ আয়োজন অনেক লাভজনক। পিসিবি তাই মরিয়া ভারতকে আতিথ্য দিতে।
অবশ্য দুই বোর্ডের মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে, সেই চুক্তির প্রতি সম্মান জানাতে বিসিসিআইয়েরই উচিত পাকিস্তানের সঙ্গে সিরিজটি খেলা। ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত আট বছরে দুই দেশ ছয়টি সিরিজ খেলবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। এরই প্রথমটি এ বছরের ডিসেম্বরে হওয়ার কথা। কিন্তু বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর সাম্প্রতিক যেসব মন্তব্য করেছেন, তাতে এই সিরিজে ভারতের খেলার সম্ভাবনা সামান্যই।
ভারত আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনোটাই বলেনি। আর তাই শেষ আশা হিসেবেই হয়তো শাহরিয়ার খান আরও একবার ভারতকে আহ্বান জানালেন এই সিরিজটি খেলার। শুধু তা-ই নয়, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ক্রিকেট মাধ্যম হিসেবে কাজ করতে পারে বলেও মনে করেন তিনি।
এ দিকে সিরিজটির ব্যাপারে বিসিসিআইয়ের ভাবনা জানতে চেয়ে চিঠিও পাঠিয়েছে পিসিবি। বিসিসিআই এখনো এর উত্তর দেয়নি। সূত্র: এনডিটিভি ও এক্সপ্রেস ট্রিবিউন।