পাকিস্তানের রান-উৎসব চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের সেরা ইনিংসটি খেলছেন আজহার আলী ছবি: শামসুল হক
জীবনের সেরা ইনিংসটি খেলছেন আজহার আলী ছবি: শামসুল হক

দিনের শুরুটা অন্য কিছুরই ইঙ্গিত দিয়েছিল। আগের দিনের সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ না করেই বিদায় নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। সাকিব আল হাসানের দারুণ একটি বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরা মিসবাহর বিদায় অবশ্য খুব একটা সমস্যা তৈরি করেনি পাকিস্তানের। উইকেটের অপর প্রান্তে মাটি কামড়ে পড়ে থাকা আজহার আলীর নেতৃত্বে চলছে তাদের রান-উৎসব। মিসবাহর বিদায় বরং সুযোগ করে দিয়েছে আসাদ শফিককে এই রান-উৎসবে অবদান রাখার।
ইতিমধ্যেই ক্যারিয়ার-সেরা সংগ্রহে নিজের ইনিংসকে সাজিয়েছেন আজহার আলী। অপরাজিত আছেন ১৮৮ রানে। ৩৮২ বল খেলে ১৯ চারে গড়া তাঁর এই ইনিংস পাকিস্তানের সংগ্রহকে নিয়ে গেছে ৪ উইকেটে ৪৫৬-এ। আসাদ শফিকের ব্যাট থেকে এসেছে হার না মানা ৬৯ রান। এই জুটি পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন থেকে সংগ্রহ করেছেন ১৩৩ রান। দিনের শুরুতেই মিসবাহর ফেরাটার তাই কোনো প্রভাব নেই পাকিস্তানের ইনিংসে।
আজ দেড় সেশনে পাকিস্তানের সংগ্রহও ১৩৩ রান। হাতে আরও ৬ উইকেট নিয়ে পাকিস্তান নিজেদের সংগ্রহকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় এই মুহূর্তে দেখার বিষয় এটিই।