পাকিস্তানের শক্তি কোথায়, কোথায় দুর্বলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার এটাই সেরা সুযোগ বাংলাদেশের। ছবি: শামসুল হক
পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার এটাই সেরা সুযোগ বাংলাদেশের। ছবি: শামসুল হক

বাংলাদেশের ১৪ জনের টেস্ট স্কোয়াডে নতুন মুখ ৩ জন—লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ শহীদ। পাকিস্তানের স্কোয়াডেও আছে ৩ জন নতুন খেলোয়াড়। বাংলাদেশ তাদের সর্বশেষ টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল। ওদিকে পাকিস্তান তাদের সর্বশেষ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের সাথে ১-১ ব্যবধানে ড্র করলেও তার আগের সিরিজেই অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছিল ২-০ ব্যবধানে । বাংলাদেশ-পাকিস্তান দুদলের মধ্যে এখন পর্যন্ত হওয়া ৮টি টেস্ট ম্যাচের সব কটিতেই জিতেছে পাকিস্তান। এর মধ্যে ৪ টি ছিল ইনিংস ব্যবধানে। তবে এবার পাকিস্তানকে খেলতে হবে ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের বিপক্ষে। তাই অতীত রেকর্ড থেকে তারা কতটা সুবিধা পাবে সময়ই বলে দেবে তা।
ওয়ানডে সিরিজে ম্যাচ​ খেলার অভিজ্ঞতায় পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশিরা। তবে টেস্ট সিরিজে দুদলের স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতায় এগিয়ে পাকিস্তান। শুধু টেস্ট ম্যাচের অভিজ্ঞতাই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতাতেও পিছিয়ে বাংলাদেশিরা। বাংলাদেশ দলে ৫০ টেস্ট খেলা কোনো ক্রিকেটার নেই, সেখানে পাকিস্তান স্কোয়াডে আছে মিসবাহ-ইউনিসের মতো অভিজ্ঞরা, যাঁরা যথাক্রমে ৫৩ ও ৯৬টি টেস্ট খেলেছেন। বাংলাদেশ দলে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা হলেন মুশফিক (৪৩), সাকিব (৩৭), তামিম (৩৭) ও শাহাদাত (৩৭)। বাংলাদেশ দলে ১৪ জনের খেলা মোট টেস্টের সংখ্যা ২৪২টি। আর পাকিস্তান দলে ১৫ জনের খেলা মোট ম্যাচ ৩৫০টি। প্রথম শ্রেনির ক্রিকেটে বাংলাদেশ খেলেছে ৬৭৩টি ম্যাচ। আর পাকিস্তানিদের খেলা ম্যাচ সংখ্যা ১৪৯৮টি।
স্কোয়াডে থাকা বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটিং গড় ৩০.০৫ আর পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যাটিং গড় ৪১.৩৬। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের আছে ১৯টি সেঞ্চুরি এবং ৬৮টি হাফ-সেঞ্চুরি, সেখানে পাকিস্তানের আছে ৫৮টি সেঞ্চুরি এবং ৯৮টি হাফ-সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের আছে ৬৮টি সেঞ্চুরি এবং ১৭২টি হাফ-সেঞ্চুরি, সেখানে পাকিস্তানিদের সেঞ্চুরি ১৭৩টি, হাফ-সেঞ্চুরির সংখ্যা ৩১৮। পাকিস্তানের শেষ টেস্ট সিরিজেই নিউজিল্যান্ডে বিপক্ষে মোহাম্মদ হাফিজ ২ ম্যাচে করেছেন ৪১৮ রান। ছিল ২টি সেঞ্চুরি আর ১টি হাফ-সেঞ্চুরী। আজহার আলী করেছেন ৩ ম্যাচে ২৫৪ রান এবং ইউনিস খান করেছেন ৩ ম্যাচে ২৪৯ রান। আর গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ সিরিজে ইউনিস খান একাই করেছিলেন ৪৬৮ রান।

বোলারদের পারফরমেন্সে অবশ্য পাকিস্তানের চেয়ে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের বোলাররা নিয়েছেন ৩১৯ উইকেট আর পাকিস্তান দলের বোলাররা নিয়েছেন ৩৮৭ উইকেট। বাংলাদেশ দলের বোলাররা প্রতি উইকেটের জন্য খরচ করেছেন ৪২.৩২ রান আর পাকিস্তানের বোলাররা প্রতি উইকেটের জন্য খরচ করেছেন ৩০.৫৩ রান। বাংলাদেশ দলের বোলাররা ইনিংসে ৪ উইকেট নিয়েছে ৬ বার এবং ইনিংসে ৫ উইকেট নিয়েছে ২৩ বার। সেখানে পাকিস্তান দলের বোলাররা ইনিংসে ৪ উইকেট নিয়েছে ১৬ বার এবং ইনিংসে ৫ উইকেট নিয়েছে ১৯ বার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ দলের বোলারদের বোলিং গড় ৩৪.৩৯ আর পাকিস্তান দলের বোলিং গড় ২৫.৬৭।

দলীয় র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান চারে, বাংলাদেশ নয়ে। ব্যাটসম্যানদের টেস্ট র‍্যাঙ্কিংয়েও এগিয়ে পাকিস্তানিরা। সেরা দশে আছে পাকিস্তানের ইউনিস (৮) ও মিসবাহ (১০)। কিন্তু নেই কোনো বাংলাদেশি। মুমিনুল আছেন ২৫ নম্বরে। এর পরে আছেন সাকিব (৩৩), তামিম (৩৪), মুশফিক (৩৮), মাহমুদউল্লাহ (৫৪), কায়েস (৯১)। র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০ জনের তালিকায় বর্তমান বাংলাদেশ দল থেকে আছেন ৫ জন, পাকিস্তানের ৭ জন। অবশ্য সেরা দশে নেই দুদলের কোনো বোলারই। উল্লেখযোগ্য অবস্থানে আছে পাকিস্তানের আজমল (১১), তার পরেই বাংলাদেশের সাকিব (১৩)। তবে সাকিব আছেন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নেই পাকিস্তানি কোনো ক্রিকেটার।

আশার বিষয় হচ্ছে, পাকিস্তান তাদের সর্বশেষ ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইনিংস ও ৮০ রানের ব্যবধানে। ২০১৪ সালে ৯ টেস্টে পাকিস্তান ২০০-এর নিচে অলআউট হয়েছে ৩ বার। গত বছর ৯ টেস্টে পাকিস্তানের ব্যাটসম্যানেরা ক্যাচ আউট হয়েছেন ৮৩ বার, বোল্ড হয়েছেন ২০ বার, এলবিডব্লিউ হয়েছেন ২৭ বার। পেসাররা আউট করেছে ৫৮ বার, স্পিনাররা আউট করেছে ৭৮ বার। বাঁহাতি স্পিনারদের বলে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৩৯ বার আউট হয়েছে, আবার ডানহাতি স্পিনারদের বলেও ৩৯ বার আউট হয়েছে। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের সামনেই কুপোকাত হয়েছিল পাকিস্তান। ২ ম্যাচে হেরাথ নিয়েছিলেন ২৩ উইকেট। বাংলাদেশের বাড়তি সুবিধা হচ্ছে তাদের দলে আছে জুবায়ের-সাকিব-তাইজুলের বোলিং বৈচিত্র্য। আর পাকিস্তানের একাদশে আজমলকে রাখাই হয়নি।

অভিজ্ঞতায় এগিয়ে মিসবাহ-ইউনিসরা। তবে সাকিব-তামিম-মুশফিকদের এই বাংলাদেশ দলটা এখন দারুণ ছন্দে আছে। তাই টেস্ট সিরিজে ‘ফেবারিট’ পাকিস্তান হলেও, পিছিয়ে থাকবে না বাংলাদেশ। বিধ্বস্ত পাকিস্তানকে টেস্ট ক্রিকেটেও কাবু করার এখনই সবচেয়ে ভালো সুযোগ।