পাকিস্তানের সঙ্গে খেলার সুযোগ দেখছে না বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবি সভাপতি নাজমুল হাসান। ফাইল ছবি
বিসিবি সভাপতি নাজমুল হাসান। ফাইল ছবি

ভারত খেলতে রাজি নয়। বিকল্প হিসেবে বাংলাদেশকে চেয়েছিল পাকিস্তান। অনানুষ্ঠানিক প্রস্তাব ছিল যদিও। তবে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সেই সিরিজটি খেলার সুযোগ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিকভাবে প্রস্তাব এলেও হয়তো ‘না’-ই বলে দেবে বিসিবি।
অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজ। জানুয়ারিতে জিম্বাবুয়ে। এর মাঝখানে বিপিএল। বিপিএল স্থগিত করে এই টুর্নামেন্ট খেলতে অনাগ্রহী বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান বললেন, ‘এই ডিসেম্বরে কোনো দলের সঙ্গে খেলার সুযোগ দেখছি না। তখন আমাদের বিপিএল হবে। এর আগে অস্ট্রেলিয়া আসছে। তারপর এশিয়া কাপ ও বিশ্বকাপ (টি-টোয়েন্টি)। জানুয়ারিতে আবার জিম্বাবুয়ে আসবে। এর মাঝে কোনো সুযোগ নেই। আমাদের পক্ষ থেকে এ মুহূর্তে কোনো উদ্যোগও নেই।’
বিপিএলের তৃতীয় আসর শুরু হওয়ার কথা ২৫ নভেম্বর। শেষ হবে ২৫ ডিসেম্বর। এ সময়ে অন্য কোনো সিরিজ খেলার ইচ্ছে নেই বিসিবির। আবার আন্তর্জাতিক সিরিজের কারণে বিপিএল পিছিয়ে দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ খেলার প্রস্তাব দিলেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। কেবল পাকিস্তান নয়, এমন কথা হচ্ছে আরও কয়েকটি দলের সঙ্গে। এসব নিয়ে বিসিবি বিস্তারিত কথা বলতে চায় আইসিসির পরবর্তী সভায়। নাজমুল বললেন, ‘পাকিস্তান সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি। আরও কয়েকটি দেশের সঙ্গে কথা হচ্ছে। এ সব বিষয়ে আইসিসির পরবর্তী সভায় সামনাসামনি বসে হয়তো আলোচনা করা যাবে। এফটিপির বাইরে গিয়ে যদি কোনো সিরিজ খেলার সম্ভাবনা থাকে, তবে আইসিসির অনুমতি নিয়েই খেলতে হবে।’

এদিকে আগামী বছর এশিয়া কাপ কোন দেশ আয়োজন করবে, এখনো নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে ভারতের নাম। যদি ভারত ‘না’ করে দেয়, তবে এ ক্ষেত্রে বাংলাদেশের আয়োজক হওয়ার সম্ভাবনা জোরালো। বিসিবি সভাপতি বললেন, ‘বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার সুযোগ আছে। তবে এ বিষয়ে এসিসির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কিছুই নিশ্চিত নয়। খুব সম্ভবত ভারতেই পরের এশিয়া কাপ হবে। সেটা না হলে বাংলাদেশ হতে পারে সম্ভাব্য আয়োজক। যদি প্রস্তাব পায়, তবে এশিয়া কাপ বাংলাদেশেই হবে।’