পাকিস্তানের সঙ্গে ভারতের না-খেলার পক্ষেই সৌরভ

সাড়ে আট বছর হয়ে গেল ভারত-পাকিস্তানের মধ্যে কোনো টেস্ট ম্যাচ হয়নি। পাঁচ বছর পর একটা ওয়ানডে সিরিজ হয়েছিল, সেটিও প্রায় আড়াই বছর হতে চলল। ভারতের বিপক্ষে আবারও একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে মরিয়া পাকিস্তান। দুই বোর্ডের মধ্যে কথাবার্তাও চলছিল ইতিবাচক পথে। কিন্তু আবারও ভারতে সন্ত্রাসী হামলা এবং তাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ ক্রিকেটীয় সম্পর্কের সেই পথে বাধার দেয়াল তুলে দিল।
২০২৩ সালের মধ্যে আট বছরে দুই দলের মধ্যে পাঁচটি সিরিজ হওয়ার কথা। এই বোর্ডের মধ্যে সেই সমঝোতা চুক্তি সইও হয়ে গেছে। বিশেষ করে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওপরে উঠতে আসতে মরিয়া এ বছর ডিসেম্বরেই একটি সিরিজ খেলতে ব্যাকুল। বিষয়টি সরকারি অনুমোদনের জন্য যখন ঝুলে ছিল, সেই সময়ই পাঞ্জাবে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা। ভারতের তরফে অভিযোগ, এই হামলায় মদদ আছে আইএসআইয়ের। গত সোমবারের ওই ঘটনার পর পরই বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর টুইট করে মন্তব্য করেন, আগে সন্ত্রাসী হামলা থামাতে হবে। তার পরই ক্রিকেট।
এর পরই পিসিবি শঙ্কায় পড়ে যায়, দ্বিপক্ষীয় সিরিজ কি তবে আরও অনিশ্চিত হয়ে পড়ল? ভারতের ক্রিকেট বোর্ডের অন্যতম নীতিনির্ধারক হিসেবে যোগ দেওয়া সৌরভ গাঙ্গুলির কথা শুনে কিন্তু এখন সে রকমই মনে হচ্ছে। সৌরভও বলেছেন, মানুষের জীবনের দাম ক্রিকেটের চেয়ে অনেক বেশি।
ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি বিসিসিআইয়ের অবস্থান একদম সঠিক। আগে সন্ত্রাসী হামলা পুরোপুরি থামতে হবে, তার পরেই খেলা। মানুষ হিসেবে আমরাও চাই সন্ত্রাসবাদ নির্মূল হোক।’
ভারত-পাকিস্তান সিরিজ রোমাঞ্চকর। শুধু এই দুই দেশ নয়, ক্রিকেট বিশ্বও আগ্রহ নিয়ে এই দ্বৈরথের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সৌরভ মনে করেন, জীবনের কাছে, সন্ত্রাসবাদের শিকার হয়ে যন্ত্রণায় ভুগতে থাকা সেই সব মানুষদের কষ্টের কাছে ক্রিকেট কিছুই নয়।
সৌরভ অবশ্য আশা প্রকাশ করলেন, দুই দেশ শিগগিরই সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারত-পাকিস্তান সিরিজও নিয়মিত হবে। নিজের অভিজ্ঞতা থেকে সৌরভ বলেছেন, ‘২০০৪ সালে আমরা পাকিস্তানে গিয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল ওই সফরটা নেতৃত্ব দেওয়ার, যেবার প্রথমবারের মতো আমরা পাকিস্তান থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে এসেছিলাম। ওই সফরটাও হয়েছিল ১৫ বছর পর।’
২০০৬ সালের পর ভারত আর কখনোই পাকিস্তানে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যায়নি। ২০০৮ এশিয়া কাপে ছিল পাকিস্তানে খেলা ভারতের সর্বশেষ কোনো ক্রিকেট ম্যাচ।