পাকিস্তানের সহজ জয়

আজ কোনো নাটক হয়নি। ম্যাচটা বরং একপেশে। জিম্বাবুয়ের দেওয়া ১৬২ রানের লক্ষ্যটা হেসেখেলে পেরিয়েছে পাকিস্তান। হারারেতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজটাও পকেটে পুরেছে পাকিস্তান।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো এনে দেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও বিলাল আসিফ। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৫৮ রান। নায়ুম্বুর বলে ফেরার আগে আসিফের সংগ্রহ ৩৮। মোহাম্মদ হাফিজ অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। পানিয়াঙ্গারার বলে ব্রায়ান চারির হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে করেছেন ১৩। এরপর শেন উইলিয়ামসের বলে সাজঘর ধরেন শেহজাদ। ফেরার আগে সংগ্রহ ৩২। এই তিনটিই উইকেটই জিম্বাবুইয়ান বোলারদের যা সাফল্য।
গত ম্যাচে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেও শোয়েব মালিককে দেখতে হয়েছে কষ্টদায়ক হার। আজ অবশ্য একই দৃশ্য দেখতে হয়নি। আসাদ শফিককে নিয়ে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৮ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মালিক অপরাজিত ছিলেন ৩৪ ও আসাদ ৩৮ রানে।
ব্যাট হাতে কিছু করার আগে সিরিজ নির্ধারণী ম্যাচে আসিফ পাঁচ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। তাঁর ঘূর্ণিতেই লন্ডভন্ড জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৬১ রানে। ৮৯ রান তুলতে একটা উইকেটও যারা হারায়নি, সেই তারাই পরের ৭২ রান তুলতেই হারাল ১০ উইকেট! ১ উইকেটে ১০০ থেকে ৭ উইকেটে ১৩৩—এখানেই জিম্বাবুয়ের সর্বনাশ। যেটি বিলালের হাতেই। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই দেখা পেয়ে গেলেন ৫ উইকেটের।
জিম্বাবুয়েকে অবশ্য বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। ৮৯ রানের উদ্বোধনী জুটি গড়ার পর মনে হচ্ছিল বড় এক সংগ্রহের দিকেই যাবে স্বাগতিক দল। তখনই মঞ্চে আবির্ভাব বিলালের। তাঁর অফস্পিনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান চামু চিবাবা। সেটিই শুরু। এরপর এমনই ধ্বংসযজ্ঞ চালালেন তাঁর অফস্পিনে, পথের দিশাই খুঁজে পেল না জিম্বাবুয়ে। ৮৯ রানে বিনা উইকেট থেকে ১২৭ রানে ছয় উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এর পাঁচটিই বিলালের। মাত্র ৩৩ বলের মাঝে ১৬ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন। সব মিলিয়ে ১০ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট।
এই ধাক্কা আর সামলাতে পারেনি জিম্বাবুয়ে। দারুণভাবে ফিরেও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদ নিয়ে শেষ করতে হলো সিরিজ।