পাকিস্তানের সাবেকদের হাহাকার
প্রায় দেড় যুগের ঝলমলে ক্যারিয়ার তাঁর। খেলা ছেড়ে দেওয়ার পরও জাভেদ মিয়াঁদাদ কখনো কর্মকর্তা, কখনো কোচ, কখনো পরামর্শক—নানা ভূমিকায় যুক্ত থেকেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। সাফল্যের চূড়া দেখেছেন, আবার দেখেছেন ব্যর্থতার গিরিখাদও। তবে সেসব ব্যর্থতার কোনোটিকেই বাংলাদেশের কাছে এবার এই সিরিজ হারের সঙ্গে মেলাতে পারছেন না ‘বড়ে মিয়াঁ’। এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়াকে মনে করছেন পাকিস্তানের ক্রিকেটের ‘সবচেয়ে বড় লজ্জা’। মিয়াঁদাদের মতোই প্রায় একই সুর দুই সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম-উল-হক ও রশিদ লতিফ এবং কিংবদন্তি পাকিস্তানি স্পিনার সাকলায়েন মুশতাকেরও।
এএফপির সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের ধুয়ে দিয়েছেন মিয়াঁদাদ, ‘বাংলাদেশের কাছে এ হার আমাদের ক্রিকেটকে তলানিতে নিয়ে গেছে। এখনই যদি আমরা কোনো বড় পদক্ষেপ না নিই, আমাদের ক্রিকেট আরও নিচে যাবে।’ বাংলাদেশকে প্রাপ্য প্রশংসাটাও অবশ্য দিয়েছেন, ‘বাংলাদেশ আগে যেমন ছিল, এখন আর সেই দল নেই। এখন ওরা যেকোনো দলকেই হারাতে পারে, কারণ প্রতিদিনই তারা উন্নতি করছে।’ বেশ কয়েক দফায় বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। ওই অভিজ্ঞতা থেকেই তুলনা করলেন সেই বাংলাদেশের সঙ্গে এই বাংলাদেশের, ‘বাংলাদেশে খানিকটা কোচিং করিয়েছিলাম, কিছু মৌলিক ব্যাপার নিয়ে কাজ করেছি। যেমন ওরা শর্ট পিচে খুব দুর্বল ছিল। প্রশংসা করতেই হবে, কারণ সেই বিষয়গুলো নিয়ে তারা অবিরাম কাজ করেছে। এখন তাদের খেলা দিনকে দিন উন্নতির দিকে যাচ্ছে।’
বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ করা সাকলায়েন মুশতাক এখন হোয়াইটওয়াশের ভয় পাচ্ছেন, ‘আমার ভয় হচ্ছে বাংলাদেশ আমাদের হোয়াইটওয়াশ না করে দেয়! এ রকম চলতে থাকলে সেদিন খুব বেশি দূরে নয়, যখন জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডও আমাদের হারিয়ে দেবে।’ একই হতাশা সাবেক পাকিস্তান উইকেটকিপার ও নির্বাচক ওয়াসিম বারীরও, ‘পাকিস্তান দলে কোনো কৌশল নেই, পরিকল্পনা নেই। এ কারণেই ওরা হারছে। বাংলাদেশ বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সটা ধরে রেখে এগিয়েছে, আর আমরা যাচ্ছি তলানির দিকে।’
আরেক সাবেক উইকেটকিপার রশিদ লতিফ খেলোয়াড়দের চেয়ে বেশি দায় দেখছেন পিসিবির কর্তাব্যক্তিদের, ‘গত পাঁচ বছরে আমরা প্রায় ৯০ জন খেলোয়াড়কে খেলিয়েছি। এর চেয়েও জঘন্য ব্যাপার হচ্ছে, কোনো ব্যাটসম্যানকেই নির্দিষ্ট কোনো পজিশনে থিতু হতে দেওয়া হয়নি। এই সময় আমাদের দলে ১৯ জোড়া ওপেনার খেলেছে, বোলিং জুটিও বারবার বদল হয়েছে। এ কারণেই দলটা দাঁড়ায়নি।’
বারী কিংবা লতিফের মতো এত ধারালো ভাষায় সমালোচনা করেননি আরেক সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি বরং ব্যাপারটা দেখছেন একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে, ‘আমরা দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছি না। আর আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ায় আমরা ঘরোয়া ক্রিকেটেও ভালো মানের পিচ বানাচ্ছি না। ফলে আমাদের যে খেলোয়াড়েরা উঠে আসছে, তারা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারছে না।’ এএফপি, জিয়ো টিভি, পিটিভি।