পাকিস্তানের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতলে সিরিজে সমতা ফিরবে। পাকিস্তান জিতলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। এমন হিসাব-নিকাশ সামনে রেখেই কলম্বোর প্রেমাদাসায় চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমেছিল দুই দল। দিন শেষে হিসাব মিলল পাকিস্তানেরই। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৭ উইকেট ও ৫৫ বল হাতে রেখেই পেরিয়ে গেল আজহার আলীর দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়, পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান এগিয়ে ৩-১-এ।
আহমেদ শেহজাদ আর আজহার আলীর ৭৫ রানের উদ্বোধনী জুটি ভিত গড়ে দেয় পাকিস্তানকে। আজহার ২৮ বলে ৩৩ করে ফিরে গেলেও শেহজাদ পরে মোহাম্মদ হাফিজের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১১৫ রানের জুটি। সুরঙ্গা লাকমলের বলে কুশল পেরেরার দুর্দান্ত ক্যাচের শিকার হওয়ার আগে শেহজাদ ৯০ বলে ৯৫ রান করেন। এরপর হাফিজ (৮৮ বলে ৭০) যখন আউট হলেন, পাকিস্তান তুলে ফেলেছে ২১৩ রান। সরফরাজ ও শোয়েব মালিক সেরেছেন বাকি কাজ।
এর আগে দিনের দ্বিতীয় বলেই কুশল পেরেরাকে হারালেও তিলকরত্নে দিলশান আর লাহিরু থিরিমান্নের ব্যাটে সেই ধাক্কা সামাল দেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে দিলশানের সঙ্গে থিরিমান্নের ১০৯ রানের জুটিই মূলত শ্রীলঙ্কার ২৫৬ রানের সংগ্রহের ভিত গড়ে দেয়। ১২৬ বলে ৯০ রান করেছেন থিরিমান্নে। দিলশান করেন ৫৯ বলে ৫০ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার মোহাম্মদ ইরফান। ক্রিকইনফো।