
কথাটা অ্যালিস্টার কুক নিজেই বলেছেন। আবুধাবিতে ওভার দুয়েক বেশি আর দুবাইয়ে ওভার দুয়েক কম খেলা হলেই নাকি সিরিজটা এখন অন্য জায়গায় থাকত। কিন্তু কুকের সেই চাওয়া পূরণ হয়নি। আর পূরণ হয়নি বলেই তিন টেস্টের যে সিরিজে ইংল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে থাকতে পারত, সেখানেই পাকিস্তান এগিয়ে ১-০-তে। শারজায় আজ শুরু তৃতীয় ও শেষ টেস্টটা তাই কুকের দলের জন্য হয়ে গেছে সিরিজ বাঁচানোর লড়াই।
পাকিস্তান অবশ্য সেই তুলনায় কিছুটা নির্ভার। শারজায় ড্র হলেই সিরিজটা জিতে নেবে মিসবাহ-উল-হকের দল। এপ্রিলে বাংলাদেশ ও জুনে শ্রীলঙ্কাকে হারানোর পর এবার টানা তৃতীয় সিরিজ জয়ের সুযোগ পাকিস্তানের সামনে।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের ব্যাটিং। জস বাটলার, মঈন আলী, বেন স্টোকস—কারও ব্যাটে রান নেই। আগের দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে বাটলারের রান ৩৪, মঈন আলীর ৪৮ আর স্টোকসের ৭৬! এ সিরিজে শুধু একজন ইংলিশ ব্যাটসম্যানই সেঞ্চুরি পেয়েছেন, অধিনায়ক কুক। তিনটি হাফ সেঞ্চুরি এসেছে জো রুটের ব্যাট থেকে। অবস্থা এমন দাঁড়িয়েছে, বড় রানের জন্য এখন শুধু এই দুজনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ডকে।
উল্টো ছবি পাকিস্তান দলে। ৪১ পেরিয়ে গেলেও অধিনায়ক মিসবাহর ব্যাট এখনো ধারালো। এই সিরিজেও একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি। ফর্মে আছেন ইউনিস খান, আসাদ শফিক, শোয়েব মালিকও। এই তিনজনের ব্যাট থেকেও এসেছে সেঞ্চুরি। ব্যাটসম্যানদের সঙ্গে বোলিংয়ে যোগ্য সংগত করছেন ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ আর জুলফিকার বাবররাও। আগের দুই টেস্ট মিলিয়ে ৮টি করে উইকেট ইয়াসির ও রিয়াজের, বাবরের ৬টি। আবুধাবি, দুবাইয়ের চেয়ে শারজায় স্পিন বেশি ধরবে বলেই মনে করা হচ্ছে। ইয়াসির আর বাবর সে ক্ষেত্রে ইংলিশ ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠতে পারেন আরও বিপজ্জনক। ক্রিকইনফো।