পাকিস্তানের সুবিধার জন্যই আফ্রিদির ভারত-প্রেম!

বেচারা শহীদ আফ্রিদি! ভারতকে ‘ভালোবাসতে’ গিয়ে এখন রীতিমতো বিপদেই পড়েছেন। দুই দিন আগে ইডেন গার্ডেনে এসেই তিনি বলেছিলেন, পাকিস্তানের চেয়ে ভারতেই বেশি ভালোবাসা পেয়েছেন। সেটা নিয়ে জাভেদ মিয়াঁদাদের মতো সাবেকরা ধুয়েই দিয়েছেন আফ্রিদিকে। কিন্তু এই বিরুদ্ধ সময়েও কাউকে অন্তত পাশে পাচ্ছেন আফ্রিদি। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার যেমন বলেছেন, আফ্রিদি শুধু ভারতের দর্শকদের মন জয় করার জন্যই কথাটা বলেছেন। এটা অন্যভাবে নেওয়ার কিছু নেই।
মিয়াঁদাদের কথা, আফ্রিদি ওখানে ক্রিকেট খেলতে গেছেন। এ রকম ‘ভারত-তোষণ’ তাঁর খুবই লজ্জাজনক মনে হয়েছে। লাহোরের আইনজীবীরা আফ্রিদিকে তো উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু গাভাস্কার ব্যাপারটা দেখছেন অন্য দৃষ্টিকোণ থেকে, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবেগটা অনেক বেশি থাকে। শহীদ (আফ্রিদি) যেটা বলেছে সেটা ভারতের দর্শকদের খুশি করার জন্যই। ইডেনের দর্শকেরাও পাকিস্তানের প্রতি অতটা বৈরী হবে না।’
গাভাস্কার মনে করিয়ে দিয়েছেন, ইডেনের গ্যালারি এমনিতেই পাকিস্তানের বিরুদ্ধে থাকার কথা। আফ্রিদির এই মন্তব্য পাকিস্তানকে সুবিধা করে দিতে পারে, ‘বিরুদ্ধ দর্শক আপনার খেলাটা আরও তুঙ্গে তুলে দিতে পারে। কিন্তু বিরুদ্ধ দর্শকের কারণে যখন বিচলিত হয়ে পড়লে আপনি স্বাভাবিক খেলা খেলতে পারবেন না। দর্শক আপনাকে তখন পেয়ে বসবে। আমার তো মনে হয়, এটা ইডেনের দর্শকের মন জয় করার খুব ভালো একটা উপায়। ও আইপিএলে খেলে গেছে, সে যা বলেছে সেটা সে বুঝেশুনেই বলেছে।’
ইডেন গার্ডেনে আগামীকালই বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান। চার দিন পর প্রতিপক্ষ ভারত। আফ্রিদির বলা কথাটা গাভাস্কার দেখছেন পাকিস্তানের পক্ষে যায় এমন একটা ক্রিকেটীয় কৌশল মাত্র। এ কথা বলে পাকিস্তানের সুবিধাই করতে চেয়েছেন আফ্রিদি। গাভাস্কারের ধারণা তেমনটাই।