পাকিস্তানের সেরা এখন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটা হচ্ছেই, আবুধাবি টেস্টের চতুর্থ দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল ব্যাপারটা। কাল আবুধাবি টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানি বোলাররা ঘণ্টা খানেক সময়ই নিলেন মিসবাহ-উল-হককে পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক বানাতে। হার এড়াতে হলে হাতে থাকা ২ উইকেট নিয়েই পুরোটা দিন কাটিয়ে দিতে হতো নিউজিল্যান্ডকে। সেটি ছিল অসম্ভব এক কাজ। দিনের দ্বিতীয় ওভারেই ১৭৭ রানে মার্ক ক্রেগকে হারিয়ে ফেলা কিউইরা শেষ পর্যন্ত করেছে ২৩১। ২৪৮ রানের জয়, তিন ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
অধিনায়ক হিসেবে ৩৩ টেস্টে ১৫ জয়। মিসবাহ পেছনে ফেললেন ১৪ ম্যাচজয়ী ইমরান খান (৪৮ টেস্ট) ও জাভেদ মিয়াঁদাদকে (৩৪ টেস্ট)। পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় দুটি নামকে পেছনে ফেলার পর সতীর্থদেরই ধন্যবাদ দিলেন মিসবাহ, ‘জয়ী দলের অংশ হতে পারার অনুভূতিটা অসাধারণ। দলটা তরুণ। আমরা এভাবে খেলব, সেটা কেউ প্রত্যাশাই করেনি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল, বিশ্বাস ছিল দলের ওপরও। কাজে দিয়েছে এটাই।’
১৭ নভেম্বর দুবাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এএফপি, ক্রিকইনফো।