পাকিস্তানের স্পিনেই শেষ অস্ট্রেলিয়া

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না পাকিস্তানের। মাঠের বাইরের চিরায়ত কাণ্ডকীর্তি তো ছিলই, মাঠের পারফরম্যান্সও বলার মতো নয় পাকিস্তানের। আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে-টেস্ট সিরিজ হার। এরপর এ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ধবলধোলাই। আজ দুবাই টেস্টে স্পিনারদের কল্যাণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া ২২১ রানের এ জয়টা পাকিস্তানের জন্য মরভূমিতে এক পশলা বৃষ্টির ছোঁয়া!
দ্বিতীয় ইনিংসেও যথারীতি সফল পাকিস্তানের স্পিনাররা। অস্ট্রেলিয়ার ৯ উইকেট এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর ও নবাগত লেগ স্পিনার ইয়াসির শাহ। বাবরের সংগ্রহে ৫ উইকেট, ইয়াসিরের ঝুলিতে ৪টি। দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়ে মনে রাখার মতোই এক অভিষেক হলো ইয়াসিরের।
দ্বিতীয় ইনিংসে ৪৩৮ রানের বিরাট লক্ষ্যে খেলতে চতুর্থ দিন বিকেলেই টালমাটাল ছিল অস্ট্রেলিয়া। গত দিনের ৪ উইকেটে ৫৯ রান নিয়ে খেলতে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। পাকিস্তান যখন জয়ের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে, তখন অপেক্ষা বাড়িয়ে দিলেন স্টিভেন স্মিথ ও মিচেল জনসন। দুজনের অষ্টম উইকেট জুটিতে এল ৬৫ রান। ইয়াসিরের বলে ৫৫ রানে স্মিথ ফিরলেও উইকেট আকড়ে পড়ে ছিলেন ‘ব্যাটসম্যান’ বনে যাওয়া জনসন। পাকিস্তানকে আনন্দ-বঞ্চিত করার প্রতিজ্ঞায় যেন খেলে যাচ্ছিলেন জনসন! ৯ম উইকেট জুটিতে সিডলকে নিয়ে গড়লেন ৪৩ রানের জুটি। টেস্টে এর আগে অনেকবারই প্রতিপক্ষের বোলারদের ‘শাসন’ করেছেন জনসন। টেস্টে একটি সেঞ্চুরিও আছে এ বাঁহাতি অস্ট্রেলীয় বোলারের। রয়েছে ৯০-ঊর্ধ্ব অপরাজিত দুটি ইনিংস। তবে কি আজও পাকিস্তানের বাড়া ভাতে ছাই ঢেলে দেবেন জনসন? অবশেষে গলার কাঁটাটা নামালেন ইয়াসির। স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জনসনকে ফেরালেন এ লেগ স্পিনার। জনসন ফিরে গেলে অস্ট্রেলিয়ার শেষ প্রতিরোধটুকুর সমাপ্তি ঘটে। মাইকেল ক্লার্কের দল অলআউট ২১৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ করেছেন জনসন।
এ টেস্টে অনেক পাওয়ার আছে পাকিস্তানের। ১৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০০ রানের ইনিংস পেয়েছে পাকিস্তান। ইউনিস খানের জোড়া সেঞ্চুরি, একই সঙ্গে পাকিস্তানের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক হওয়া তো ছিলই, সাঈদ আজমলের অনুপস্থিতি দারুণভাবে ভুলিয়ে দিয়েছেন বাবর ও ইয়াসির।
এশিয়ায় সর্বশেষ ১৪ টেস্টে এটি অস্ট্রেলিয়ার নবম পরাজয়। অন্যদিকে ১৯৯৪ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি পাকিস্তানের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ অক্টোবর, আবুধাবিতে। এএফপি, টেন ক্রিকেট।