পাকিস্তানের স্বস্তি ও শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে ম্যাচ খেলে জিম্বাবুয়ে দল পাকিস্তান ছেড়ে গেছে কাল সকালে। সিরিজে ৪-০ জয়ের (শেষ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে) আর কী আনন্দ, পাকিস্তানের প্রকৃত আনন্দ আসলে সিরিজটা বড় কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ করতে পারায়। ২০০৯ সালের এক অভিশপ্ত সকালে শ্রীলঙ্কা দলের ওপর সশস্ত্র হামলার পর পাকিস্তান হয়ে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে এক নিষিদ্ধ গন্তব্য। জিম্বাবুয়ের সফর ছয় বছর পর পাকিস্তানকে আবার আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে ফেরাল।
তবে পাকিস্তানের পরীক্ষাটা মোটেও সহজ হয়নি এ জন্য। জিম্বাবুয়ের মতো একটা জৌলুশহীন দলের জন্য সফরকারী কোনো রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দিতে হয়েছে। সব কটি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে পাহারা দিয়েছে চার হাজার পুলিশ। আরও দুই হাজার পুলিশের পাহারা ছিল টিম হোটেল ও মাঠে যাওয়া-আসার রাস্তায়। এমন বজ্র আঁটুনির মধ্যেও দুর্ঘটনা কিন্তু ঘটেছে, দ্বিতীয় ওয়ানডে চলার সময় গাদ্দাফির পাশেই বোমা হামলায় মৃত্যু হয়েছে দুজনের। হামলাটা স্টেডিয়ামের বাইরে বলেই এটি হয়তো বড় দুর্ঘটনা নয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ভেতরে হলে কী হতো?
এই হামলার পরও জিম্বাবুয়ে সিরিজ শেষ করেছে। তারাও উত্তীর্ণ বন্ধুত্ব, ধৈর্য ও সাহসিকতার পরীক্ষায়। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে দর্শক ভরিয়েছে গাদ্দাফির গ্যালারি। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনটা মোটামুটি সুখকরই হলো। জিম্বাবুয়েও খুশি। দলীয় অনুভূতিই যেন টুইটারে জানিয়ে দিলেন শন উইলিয়ামস, ‘ধন্যবাদ পিসিবি। তবে আমাদের সবাই ধন্যবাদ দেবে নিরাপত্তা দলকে, যারা রাত-দিন কঠিন পরিশ্রম করে আমাদের নিরাপদ রেখেছেন। ধন্যবাদ সব দর্শককে, শিগগিরই আবার দেখা হবে।’
জিম্বাবুয়ে দল পাকিস্তান থেকে উড়াল দেওয়ার পরই পিসিবি কর্মকর্তারা বসে গেছেন আলোচনায়। অচিরেই আরও আন্তর্জাতিক দলকে কীভাবে আনা যায়, সেই চিন্তাই করছে পিসিবি। আশা, আগামী বছরই আসবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেটের অন্তর্বর্তীকালীন প্রধান সিদাথ ওয়েতিমুনি তৃতীয় ওয়ানডেটি দেখেছেন আমন্ত্রিত অতিথি হিসেবে। জিম্বাবুয়ে সিরিজটির সফল আয়োজনে তিনিও খুশি। কিন্তু ওয়েতিমুনির মনে ২০০৯ সালের ভয়াবহ স্মৃতিটা এখনো তাজা। আবারও পাকিস্তানে শ্রীলঙ্কার সম্ভাব্য সফর নিয়ে তিনি তাই আগ বাড়িয়ে কিছু বলেননি, ‘এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। এখানে এসে কী দেখলাম আর কী অভিজ্ঞতা আমার হলো, সেটি দেশে ফিরে বোর্ডকে বলব।’
সুতরাং স্বস্তি ও সুখানুভূতির মধ্যেও অন্য ক্রিকেট বোর্ড, খেলোয়াড় ও আম্পায়ারদের সফরে রাজি করাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনেক কাঠখড়ই হয়তো পোড়াতে হবে। এএফপি।