পাকিস্তানের স্বাধীনতা দিবসের পোস্ট দিয়ে হাসির রোল তুললেন কামরান
বেচারা কামরান আকমল!
বিতর্ক যেখানে, তিনি সেখানে কিংবা কামরান যেখানে, বিতর্ক সেখানে—দীর্ঘদিন পাকিস্তান দলের বাইরে থাকা এই উইকেটকিপারকে নিয়ে ধারণাটা এখন এমন হয়ে গেছে। ম্যাচ পাতানোর অভিযোগের পাশাপাশি আরও নানা রকম বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনা কুড়িয়েছেন কামরান।
বছর দুয়েক আগে নিজের পছন্দের পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ গড়েও তোপের শিকার হন। কিন্তু এবার পাকিস্তানের স্বাধীনতা দিবস নিয়ে ভীষণ বিতর্কিত এক কাজই করে বসেছেন কামরান। একটু বেখেয়াল হলে যে কী বিপত্তি ঘটতে পারে, ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার নিশ্চয়ই এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন!
আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে একটি টুইট করেন কামরান। দেশের জাতীয় পতাকা ও দর্শনীয় কিছু স্থাপত্য প্রচ্ছদে রেখে একটি ছবি পোস্ট করেন তিনি। বিপত্তিটা বেধেছে ছবির ওপর লেখা ‘হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে’ কথায়।
ইন্ডিপেনডেন্স বানান ভুল! কামরান যে বানানে লিখেছেন, তার উচ্চারণ দাঁড়ায় ‘ইন্ডিপেনেস’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নির্মম রসিকতার শিকার হচ্ছেন কামরান আকমল।
এক টুইটার ব্যবহারকারীর মন্তব্য, ‘ভাই, আপনাকে শ্রদ্ধা। ব্রিটিশরা আমাদের দেশের যে হাল করেছিল, আপনিই প্রথম মানুষ, যিনি তাদের ভাষার ওপর একই কাজ করে প্রতিশোধ নিলেন।’ আরেকজন অক্সফোর্ড ইংরেজি অভিধানের ছবি পোস্ট করে তার স্বত্বাধিকারী হিসেবে কামরান আকমলের ছবি দিয়ে একটি পোস্ট করেন।
আরেকজনের মন্তব্য, ‘পাকিস্তানিদের জন্য আলাদা ইংরেজি অভিধান। শ্রদ্ধা।’
ভুলভাল ইংরেজি ভাষায় টুইট করে কামরানের রসিকতার শিকার হওয়া এই প্রথম নয়; এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুর রাজ্জাকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘মাদার ফ্রম অ্যানার ব্রাদার।’
অর্থাৎ আরেক ভাইয়ের মা! ‘ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার’ লিখতে গিয়ে এই ভুল করে চরম হাস্যরসের শিকার হয়েছিলেন। এবারের ভুল করার পর এক টুইটার ব্যবহারকারী তাই মন্তব্য করেন, ‘কামরানের অবদানকে সম্মান করে ইংরেজি অভিধান সংস্কার করা হোক।’