পাকিস্তানের হারেও আফ্রিদির প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে দরকার ছিল ১১ রান, পাকিস্তানের হাতে ৩ উইকেট। ক্রিজে থাকা সরফরাজ আহমেদ ব্যাট করছেন ১২ বলে ১৯ রান নিয়ে। টি-টোয়েন্টিতে এ আর এমন কঠিন কী! কিন্তু ক্রিস ওকসের করা ওই ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন সরফরাজ! পরের বলে আবার সোহেল তানভির এসে ৪ মেরে দিলেন। বাকি ৪ বলে দরকার ৭ রান। ম্যাচ তখনো পাকিস্তানের হাতে।
কিন্তু পরের ৩ বলে ওকস দিলেন মাত্র ৩ রান। শেষ বলে তাই পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪ রানে। আনোয়ার আলী ওই বলটা ব্যাটেই লাগাতে পারলেন না। প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ইংল্যান্ড আগে থেকেই এগিয়ে ছিল। পরশু দুবাইয়ে টানা দ্বিতীয় জয়ে তিন ম্যাচের সিরিজটাও জিতে নিল ইংল্যান্ড। বারবার রং পাল্টানো ম্যাচে পাকিস্তানের একমাত্র প্রাপ্তি টি-টোয়েন্টি ক্রিকেটে শহীদ আফ্রিদির সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া। পরশুর ৩ উইকেটসহ ৮৬ ম্যাচে ৮৬ উইকেট হলো আফ্রিদির। পেছনে ফেলেছেন ৬৪ ম্যাচে ৮৫ উইকেট পাওয়া স্বদেশি স্পিনার সাঈদ আজমলকে।
কীর্তিটা গড়েছেন বল হাতে। তবে ইংল্যান্ডের ১৭২ তাড়া করতে নামা পাকিস্তানকে ম্যাচে ফেরানোতেও ব্যাট হাতে বড় ভূমিকা আফ্রিদির। আহমেদ শেহজাদ ও রাফাতুল্লাহ মোহাম্মদের ঝোড়ো শুরুর পর (৫ ওভারে ৫১) খেই হারিয়ে ফেলেছিল পাকিস্তান। একপর্যায়ে ১২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ওরা। শেষ ৩ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৪৭ রান। ওই অবস্থায় ওকসের করা ১৮তম ওভারে তিনটি ছক্কাসহ ২২ রান নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান আফ্রিদি। কিন্তু ওকসের ওভারেরই শেষ বলে লিয়াম প্লাঙ্কেটের ক্যাচ হয়ে আফ্রিদির বিদায়ে ম্যাচ আবার নাটকীয় মোড় নেয়। ম্যাচ শেষে তাই দায়টা নিজের কাঁধেই নিয়েছেন আফ্রিদি, ‘আমি ম্যাচটা শেষ করে আসার ভালো সুযোগই পেয়েছিলাম। কিন্তু পারিনি।’ এএফপি।