পাকিস্তানের 'তৃতীয়' হওয়ার সান্ত্বনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি ম্যাচ পাকিস্তান আর শ্রীলঙ্কা পেতে পারত না। প্রস্তুতি ম্যাচই তো! জয়-হারে কোনো দলেরই কিছু যায়-আসে না। লড়াই যা তা শুধু মর্যাদার, ক্রিকেটীয় দক্ষতার। জয়টা শুধুই সান্ত্বনার। সান্ত্বনাটা শেষ পর্যন্ত পাকিস্তানই পেল। এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারানোর তৃপ্তি নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে শহীদ আফ্রিদির দল।
টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৫ বার মুখোমুখি হলো দুই দল। কিন্তু এর আগে কোনো শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কি এত অগুরুত্বপূর্ণ ছিল? ভারত ও বাংলাদেশ আগেই এশিয়া কাপের ফাইনালে উঠে যাওয়ায় এই ম্যাচটা নিয়ে আগ্রহ ছিল তলানিতে। তবে এই ‘ডেড রাবার’ ম্যাচটাই এবারের এশিয়া কাপে একটা ‘প্রথমের’ মুখ দেখাল। ওপেনিংয়ে প্রথম সেঞ্চুরি জুটি। দিনেশ চান্ডিমাল ও তিলকারত্নে দিলশানের শতরানের জুটিতে ভর করেই পাকিস্তানের সামনে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কা।
তবে লক্ষ্যটা অনায়াসেই টপকে গেছে পাকিস্তান। দলের প্রায় সবাই কমবেশি রান পেয়েছেন। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনেরই ত্রিশ পেরোনো ইনিংস, শুধু মোহাম্মদ হাফিজই তা করতে পারেননি। তবে উমর আকমলের একটু আক্ষেপ থাকতে পারে। জয় থেকে ১ রান ও তাঁর ব্যক্তিগত ফিফটি থেকে ২ রান দূরে থাকতেই আউট হয়ে গেছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের সৌজন্যে মাত্র ১৪ ওভারেই ১১০ রান করে শ্রীলঙ্কা! কিন্তু চান্ডিমাল ৫৮ করে আউট হয়ে যেতেই একটু গতি হারায় লঙ্কান ইনিংস। আরও বড় স্কোরের সম্ভাবনা হারিয়ে গেল শ্রীলঙ্কা শেষ ৬ ওভারে মাত্র ৪০ তোলায়। হাতে ৬ উইকেট রেখেও স্লগ ওভারের সুবিধা নিতে পারেনি লঙ্কানরা।
পাকিস্তানি বোলারদের মধ্যে পেসার মোহাম্মদ ইরফান ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাকি সবাই কমবেশি দিলশানের ‘অত্যাচার’ সহ্য করেছেন। ৫৬ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলার পথে যে পাকিস্তানের সব বোলারের ওপরই অত্যাচার চালিয়ে ১০টি চার ও এক ছয় মেরেছেন দিলশান।