পাকিস্তানের 'সুখস্মৃতি' মনে হচ্ছে সৌরভের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের সেই স্মৃতি মনে পড়ছে সৌরভের। ছবি: এএফপি।
পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের সেই স্মৃতি মনে পড়ছে সৌরভের। ছবি: এএফপি।

সৌরভ গাঙ্গুলি প্রাণভরেই উপভোগ করলেন শ্রীলঙ্কার মাটিতে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের গৌরব। বিরাট কোহলিদের আনন্দ-উল্লাস কেন যেন স্মৃতিকাতর করে তুলল ভারতের অন্যতম সফল এই অধিনায়ককে। তিনি ফিরে গেলেন ১১ বছর আগে, পাকিস্তানের মাটিতে। তাঁর নেতৃত্বেই যে ভারত পাকিস্তানের মাটি থেকে জিতে ফিরেছিল টেস্ট সিরিজ।
সৌরভের মতে, যেকোনো ক্রিকেটীয় অপেক্ষারই শেষ আছে। সময় হয়তো লেগে যায় অনেক, কিন্তু অপেক্ষার সমাপ্তি একদিন না একদিন হয়ই। দীর্ঘ অপেক্ষার পর যেকোনো অর্জনই মধুর মনে হয়। লঙ্কাদ্বীপে ভারতের ২২ বছর পর সিরিজ জয় সৌরভের কাছে সে রকমই এক অনুভূতি।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম উপদেষ্টা তিনি। শ্রীলঙ্কার মাটিতে সাফল্যকে নিজের অর্জন হিসেবেও অভিহিত করতে পারেন তিনি। কিন্তু এই সাফল্যের সব কৃতিত্ব তিনি দিতে চান মাঠের খেলোয়াড়দেরই। বলেছেন, ‘তিন টেস্টের সিরিজ জেতাটা মোটেও সহজ কোনো ব্যাপার নয়। আমি এই সাফল্যের পুরো কৃতিত্বই দিতে চাই খেলোয়াড়দের। ওদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ব্যাপারটা সম্ভব হয়েছে।’
যত দিন যাচ্ছে বিরাট কোহলির ব্যাপারে অনুরক্ত হয়ে পড়ছেন সৌরভ। ভারতের বর্তমান টেস্ট অধিনায়ককে সনদ দিয়েছেন তিনি উদারতার সঙ্গেই কেবল নয়, অনেকটা ভক্ত হিসেবেও, ‘কেন জানি কোহলিকে আমার খুব ভালো লাগে। ওর ক্রিকেটীয় দর্শনটাই অন্যরকম। ক্রিকেটার হিসেবে সে অত্যন্ত উঁচুমানের। অধিনায়ক হিসেবেও সে নিজেকে দারুণভাবে তৈরি করছে।’
সাঙ্গাকারা কিংবা জয়াবর্ধনে নেই শ্রীলঙ্কার। লঙ্কানদের এই দলটা কী খুব দুর্বল? সৌরভ মোটেও তা মানেন না, ‘এটা ঠিক যে শ্রীলঙ্কা একটা যুগসন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি দলকেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অতীতে ভারতীয় অনেকবারই এমন পরিস্থিতিতে পড়েছে। যুগসন্ধিক্ষণের কারণে কেউ যদি শ্রীলঙ্কাকে দুর্বল দল মনে করেন, তাহলে তিনি ভুলই করবেন।’
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বিরাট কোহলির জন্য ‘বিরাট’ চ্যালেঞ্জ হিসেবেই মনে করেন সৌরভ, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো দল। এই সিরিজটা কোহলির জন্য অনেক বড় এক চ্যালেঞ্জ। তবে আমি মনে করি নিজেদের মাটিতে স্পিনাররাই ভারতকে ওই সিরিজ জিততে সাহায্য করবে।’ সূত্র: পিটিআই।