পাকিস্তানের 'হোম সিরিজ' ভারতে!

ডিসেম্বরে প্রস্তাবিত ভারত-পাকিস্তান সিরিজ কী তাহলে মাঠে গড়াচ্ছে? ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ততায় পূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতিশীল পরিস্থিতিতেও এই সিরিজ মাঠে গড়াবে, যদি তা ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত একটি প্রস্তাব নাকি ভারতের তরফ থেকে পাকিস্তানের কাছে গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান জানিয়েছেন, ভারতের মাটিতে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি আনুষ্ঠানিক আমন্ত্রণটা জানিয়ে দিয়েছে। পাকিস্তানের ‘হোম সিরিজ’ হিসেবে পরিগণিত এই সিরিজে খেলার ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও নাকি বিসিসিআইয়ের তরফ থেকে পেয়েছে পিসিবি।
শাহরিয়ার খান জানিয়েছেন, ভারতের মাটিতে খেলার ব্যাপারে বিসিসিআইয়ের সভাপতি শশাঙ্ক মনোহরের কাছ থেকে শুক্রবার সন্ধ্যায় একটি ফোনও তিনি পেয়েছেন। কিন্তু শাহরিয়ার প্রশ্ন রেখেছেন, যেখানে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পাদিত চুক্তিতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে ভারতের মাটিতে গিয়ে পাকিস্তান এই সিরিজটি কেন খেলবে!
দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে হিংসার বিষবাষ্প ছড়াচ্ছে, সিরিজ আয়োজন থেকে যেখানে বিপুল উপার্জনের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক পাকিস্তানের সামনে আছে, সেখানে ভারতের মাটিতে গিয়ে ‘হোম সিরিজ’ খেলার ব্যাপারে শাহরিয়ার খানের বক্তব্য অবশ্যই প্রণিধানযোগ্য। কিন্তু বিসিসিআই নাকি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মোহালি ও কলকাতার মতো শহরগুলোতে খেলা অনুষ্ঠানের কথা জানিয়েছে তাঁকে। রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও নাকি যেকোনো ফর্মুলা বের করে পাকিস্তানকে ‘তুষ্ট’ করার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে।
শাহরিয়ার খান অবশ্য শশাঙ্ক মনোহরকে জানিয়েছেন, সরকারি তরফ থেকে সবুজ সংকেত পেলেই কেবল পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে পাঠানো যেতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার যে তাঁর নেই, সেটা খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন পিসিবি প্রধান।
এদিকে, পিসিবির কার্যনির্বাহী কমিটির প্রধান নজম শেঠি ভারতের এই প্রস্তাবটি মেনে নেওয়ার কোনো কারণ দেখছেন না। তাঁর মতে, যেখানে দুই বোর্ডের মধ্যকার চুক্তিতে আরব আমিরাতে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেখানে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে খেলতে যাওয়ার কোনো কারণ নেই। শেঠি নাকি ব্যক্তিগতভাবে পিসিবি প্রধানকে এই প্রস্তাব না মানারই অনুরোধ জানাবেন। সূত্র: পিটিআই।