পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি!

এ অবধি বিশ্বকাপের একটি ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি ভেসে গেছে বৃষ্টির কারণে। তাতে অবশ্য লাভ হয়েছে বাংলাদেশেরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি পয়েন্ট কুড়িয়ে নিয়ে স্ফীত করা গেছে নিজেদের সংগ্রহ। এবার নতুন করে বৃষ্টির বাগড়া দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। অকল্যান্ডে শনিবার অনুষ্ঠেয় এই ম্যাচ নাকি বিঘ্নিত হতে পারে ভারী বর্ষণের কারণে।
চার ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে পাকিস্তানের অবস্থান চতুর্থ। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেললেও তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডের লড়াই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। দুই দলই চাচ্ছে ম্যাচটি জিতে গ্রুপে নিজেদের অবস্থান সুসংহত করতে। কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকতে। বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে হেরেছে পাকিস্তান। আমিরাত ও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দুটো ম্যাচ জিতে লড়াইয়ে ফিরেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই জয় পেতে মরিয়া মিসবাহ-উল–হকের ছেলেরা।
ভারতের বিপক্ষে দুঃস্বপ্নের ম্যাচটি বাদ দিলে প্রোটিয়াদের এবারের বিশ্বকাপ-ফর্মটা দুর্দান্তই বলতে হচ্ছে। নিজেদের শেষ দুটো ম্যাচেই স্কোরকার্ডে ঝড় তুলে চার শর ওপর নিয়ে গেছে নিজেদের সংগ্রহ। প্রতিপক্ষকেও তারা হারিয়েছে দুই শতাধিক রানের ব্যবধানে। মনেপ্রাণেই তাই দক্ষিণ আফ্রিকার আশা বৃষ্টি যেন অকল্যান্ডে কোনো সমস্যা তৈরি না করে।
দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গোর কণ্ঠে ‘সমীহ’ই ঝরেছে পাকিস্তান প্রসঙ্গে। তাঁর সবচেয়ে বড় ভয় নাকি পাকিস্তানের ‘অনুনমেয়’ ব্যাপারটিই, ‘নিজেদের দিনে পাকিস্তান হারাতে পারে যেকোনো প্রতিপক্ষকে। এবং “অননুমেয়” ব্যাপারটাই তাদের সবচেয়ে বড় শক্তি। কেননা আপনি অনুমান করতে পারবেন না যে কোন দিন তারা ভালো খেলবে।’
শেষ পর্যন্ত খেলা হয় কি না, সেটা অবশ্য জানে প্রকৃতি আর অকল্যান্ডের আকাশ। দুই দলের প্রার্থনাতেই কিন্তু আছে ‘ম্যাচটা হোক’। তথ্যসূত্র: দ্য ডন।