ক্রিস গেইল জানান, কারণটা মানসিক অবসাদ। আইপিএলে তাঁর দল পাঞ্জাব কিংসও আনুষ্ঠানিক বিবৃতিতে তা-ই জানিয়েছে। কিন্তু ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসনের মনে হচ্ছে, আনুষ্ঠানিক বিবৃতির আড়ালে লুকিয়ে আছে অন্য ঝামেলা!
ঘটনাটা এই, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে থাকা গেইল গত বৃহস্পতিবার আইপিএলের বাকি অংশে আর না খেলার সিদ্ধান্তের কথা জানান। ১৭ অক্টোবর শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেওয়ার আগে মানসিকভাবে চাঙা হতে আইপিএলের জৈব সুরক্ষাবলয় ছাড়তে চাওয়াকেই এর পেছনের কারণ হিসেবে দেখিয়েছেন ৪২ বছর বয়সী বাঁহাতি ওপেনার।
বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলতে খেলতে মানসিকভাবে অবসাদগ্রস্ত—এমনটাই জানিয়েছেন গেইল। আইপিএলে তাঁর দল পাঞ্জাবও তা-ই লিখেছে বিবৃতিতে।
কিন্তু পিটারসেনের ধারণা, আসলে গেইলকে পাঞ্জাব ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে—এমনটা মনে হওয়ার পরই গেইল পাঞ্জাবের হয়ে এবারের আইপিএলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন!
‘পাঞ্জাব দলে তাঁকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। ওর মনে হচ্ছে, ওকে ব্যবহারের পর এখন ছুঁড়ে ফেলতে চাইছে ওরা (পাঞ্জাব)। এত দিন ওকে কাজে লাগিয়েছে, এখন ওকে বাদ দিতে চাইছে। ওর জন্মদিনে ওকে খেলায়নি, এক পাশে ফেলে রেখেছে। ও যদি খুশি না থাকে, ওর বয়স হয়ে গেছে ৪২, এখন ওর যা ইচ্ছা ওকে তা-ই করতে দিন’—স্টার স্পোর্টসে বলেছেন পিটারসেন।
পাঞ্জাবের জার্সিতে এবার ১০ ম্যাচ খেলেন গেইল, তাতে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯৩ রান। কোনো ফিফটি নেই, সর্বোচ্চ ইনিংস ৪৬ রানের।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশ শুরুর পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে পাঞ্জাব। ২১ সেপ্টেম্বরের সে ম্যাচে দলে ছিলেন না গেইল। সেদিন ছিল তাঁর ৪২তম জন্মদিন।
এরপর অবশ্য টানা দুই ম্যাচে খেলেন, কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেই দুই ম্যাচে গেইলের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৪ ও ১ রান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ নিয়ে আমিরাত অংশে পাঞ্জাব এখন পর্যন্ত ম্যাচ খেলেছে চারটি।
এবার ১০ ম্যাচে খেলা গেইল গত বছরের আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলেন মাত্র ৭ ম্যাচ। আরও আশ্চর্য করার মতো ব্যাপার, ২০১৯ আইপিএলে ১৩ ম্যাচে ৪৯০ রান করা গেইলকে গত মৌসুমে আইপিএলে প্রথম সাত ম্যাচে বাইরে রেখেছিল পাঞ্জাব। এর ছয় ম্যাচেই হেরেছিল বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন দলটি। এরপর ফিরে ৭ ম্যাচে তিনটি ফিফটি করেন গেইল।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে ওপেন করতে নেমে ঝড় তোলা গেইলকে পাঞ্জাব ব্যাটিংয়ে নামাচ্ছে তিন নম্বরে। অধিনায়ক লোকেশ রাহুল ও ভারতের আরেক ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল পাঞ্জাবের হয়ে ইনিংস উদ্বোধন করেন। দুই ওপেনার ভালোই করছেন, কিন্তু গেইলকে তিনে খেলানো সেভাবে কাজে লাগছে না পাঞ্জাবের।
এসব মিলিয়েই হয়তো পিটারসেনের ধারণা হয়েছে, গেইল পাঞ্জাবে যথাযথ সম্মান পাচ্ছেন না।