পাঞ্জাবকে জেতালেন স্টয়নিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওয়ার প্লের ৬ ওভারে মুম্বাই ইন্ডিয়ানস তুলল মাত্র ২১ রান, যা চলতি আইপিএলে কোনো দলের সর্বনিম্ন। পড়ল ২টি উইকেটও। এরপর বড় স্কোর গড়তে হলে কাউকে না কাউকে ঝড় তুলতে হতো। সেটা পারেননি মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যান। বিশাখাপত্তনমে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আগে ব্যাট করা মুম্বাই থেমে গেল ১২৪ রানেই। তখনই ম্যাচ হেলে পড়ে ছিল পাঞ্জাবের দিকে। তিন ওভার হাতে রেখে ৭ উইকেটে জিতলও তারা।

মুম্বাইকে অল্প রানে আটকে রাখতে বড় ভূমিকা মার্কাস স্টয়নিসের। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। উইকেট দুটি কম পেলেও বল হাতে আরও ‘কিপ্টে’ ছিলেন সন্দীপ শর্মা—৪ ওভারে ২ উইকেট, রান দিয়েছেন ১১। ৬১ রানে ৫ উইকেট খুইয়ে ফেলা মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ২৭ করেন কাইরন পোলার্ড।
রান তাড়া করতে এসে শুরুতেই আমলাকে হারালেও (০) মুরালি বিজয় (৫৪*) ও ঋদ্ধিমান সাহার (৫৬) ১১৬ রানের জুটি সহজ জয়ের পথ দেখায় পাঞ্জাবকে। ক্রিকইনফো।